তাওহীদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় দিন ব্যাট হাতে আলো ছড়ালেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। তার ১২০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিনের বিপর্যয় কাটিয়ে হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর পর প্রতিপক্ষের সামনে লড়াই করার মতো পুঁজি পেয়েছে সফরকারীরা।
প্রথম দিন শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। দ্বিতীয় দিনের সকালে সেঞ্চুরি পূর্ণ করতে তার প্রয়োজন ছিল মাত্র ৮ রান। তার পর আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন তিনি।
লিটনের আটটি টেস্ট সেঞ্চুরির মধ্যে চারটি এসেছে দেশের মাটিতে। এছাড়া নিউজিল্যান্ড, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি করে সেঞ্চুরি রয়েছে তার।
দ্বিতীয় দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সাফল্য এনে দেন ডেন প্যাটারসন। ১৬ বলে ১০ রান করা মেহেদী হাসান মিরাজ বাজে শট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।
এরপর সাজানো ইনিংস খেলা লিটনকেও ফিরিয়ে দেন এই প্রোটিয়া পেসার। ১৭৯ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। শর্ট বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন তিনি। স্কয়ার লেগে দাঁড়ানো মার্কো ইয়ানসেন সহজ ক্যাচটি নিতে ভুল করেননি। ফলে ৩৭০ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।
এরপর নিজের চতুর্থ উইকেট তুলে নেন প্যাটারসন। ১৬ বলে ১৭ রান করা তাসকিন আহমেদকে ফিরিয়ে দেন তিনি। তাসকিনের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ৪০০ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৯২ রানে চার উইকেট নেন ডেন প্যাটারসন। গতকাল ৭০ রানে ৫টি নিয়েছেন রাবাদা। এদিকে এশিয়ার বাইরে টেস্ট ইনিংসে মাত্র চতুর্থবারের মতো ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে হারেনি কোনো দল। ৭ বার ড্র হয়েছে ম্যাচ, প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে জয় এসেছে ১২ বার।