উরুগুয়ের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কোস্টারিকার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে একাদশে চার থেকে পাঁচটি পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। সবচেয়ে বড় খবর, চোট কাটিয়ে গোলবারের নিচে ফিরছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।
বুধবার ভোরে (১৭ নভেম্বর) কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে স্ক্যালোনি জানিয়েছেন, একাদশে কয়েকটি পরিবর্তন আনবেন তিনি।
চোয়ালের চোটের কারণে উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচে খেলতে পারেননি দিবু মার্তিনেজ। তার জায়গায় গোলবার সামলেছিলেন জেরোনিমো রুলি। তবে কোস্টারিকার বিপক্ষে ফিরছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।
স্ক্যালোনি বলেছেন, ‘এমিলিয়ানো খেলবে। আগের ম্যাচেও সে খেলার মতো অবস্থায় ছিল। কিন্তু ঝুঁকি নিতে চাইনি। রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রানের ওপর আমাদের আস্থা আছে। আরও তিন দিন সময় পাওয়ায় তাকে বিশ্রাম দেওয়াটাই ভালো সিদ্ধান্ত ছিল।’
রক্ষণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ডান দিকে গঞ্জালো মন্তিয়েলের পরিবর্তে আগুস্তিন জিয়াইকে দেখা যেতে পারে। বাঁ দিকে নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় রোমান ভেগার খেলার সম্ভাবনা রয়েছে। লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে সেন্টারব্যাকে কে খেলবেন, তা নিয়েও অনিশ্চয়তা আছে। ফাকুন্দো মেদিনাকে নিয়ে পরীক্ষা করেছেন স্কালোনি। লিওনার্দো বালার্দিরও সুযোগ রয়েছে।
মাঝমাঠে একাদশে ঢুকতে পারেন মাক্সিমো পেরোনে। সে ক্ষেত্রে এক্সেকিয়েল পালাসিওসের জায়গায় আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের সঙ্গে খেলবেন তিনি। আক্রমণভাগে থিয়াগো আলমাদার পরিবর্তে গিয়ানলুকা প্রেস্টিয়ান্নির শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ—দিবু মার্তিনেজ; আগুস্তিন জিয়াই, ফাকুন্দো মেদিনা অথবা লিওনার্দো বালার্দি, লিসান্দ্রো মার্তিনেজ, রোমান ভেগা; এনজো ফার্নান্দেজ, মাক্সিমো পেরোনে, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও গিয়ানলুকা প্রেস্টিয়ান্নি।