প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আয়োজনের পরিকল্পনা, আবাহনী কমপ্লেক্স নিয়েও ভাবনা

একসময় প্রেসিডেন্ট গোল্ডকাপ ছিল দেশের ফুটবলের অন্যতম আকর্ষণ। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ আয়োজনের পরিকল্পনা করছে সরকার। আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলে উপমহাদেশ, এশিয়া ও ইউরোপের দলগুলোকে নিয়ে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু একবার নয়, প্রতিযোগিতাটি নিয়মিত আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে ক্লাবগুলোতে একাডেমি ও খেলার মাঠ বাধ্যতামূলক করা এবং আবাহনী লিমিটেডের অসমাপ্ত ক্লাব কমপ্লেক্সের কাজ নতুন পরিকল্পনায় এগিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আবাহনী-মোহামেডানের সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজিত এক প্রীতি ম্যাচে উপস্থিত হয়ে এসব পরিকল্পনার কথা জানান তিনি। বৃহসপতিবার আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় প্রেসিডেন্ট গোল্ডকাপ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তার কাছ থেকে মৌখিক সম্মতি নিয়েছি যে, আমরা আগামী বছর যেকোনো একটি সময়ে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট করতে চাই। সেই বার্তাটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিকে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী বছর মার্চ কিংবা এপ্রিলে উপমহাদেশ, এশিয়া কিংবা ইউরোপের দলগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করবো। আমরা চাই, ফুটবলের ঐতিহ্য ধরে রাখতে এটি ধারাবাহিকভাবে প্রতি বছর আয়োজন করতে।’

দেশের ফুটবলের উন্নয়নে একাডেমি ও অবকাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আমিনুল হক। দায়িত্ব নেওয়ার পর গত নয় মাসে ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ফুটবলের উন্নয়নেও সরকারের আলাদা পরিকল্পনা রয়েছে।

নিজের ফুটবল-সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যেহেতু একজন ফুটবলার ছিলাম, ফুটবলের প্রতি আমার আলাদা টান ও ভালোবাসা রয়েছে। আমরা আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সরকার এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন একাডেমি ও স্পোর্টিং ক্লাবের মাধ্যমে ফুটবলের উন্নয়ন হবে। একাডেমি পরিচালনার জন্য ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কিছু নির্দেশনা তৈরি হয়েছে।’

ক্লাবগুলোতে একাডেমির পাশাপাশি খেলার মাঠের ব্যবস্থা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে সরকারের। তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দিতে না পারলে আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া কঠিন বলে মনে করেন তিনি।

আমিনুল হক বলেন, ‘আমাদের একাডেমি চালু করতে না পারলে ফুটবলকে প্রত্যেকটি গ্রাম, গঞ্জ, জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। স্বাধীনতার পর থেকে আমরা বলে আসছি, উপমহাদেশের মধ্যেই সীমাবদ্ধ আছি, এর বাইরে যেতে পারছি না। সেটা কখনোই সম্ভব হবে না, যদি আমাদের একাডেমি না থাকে।’

তিনি আরও বলেন, ‘ক্লাবগুলোতে যাতে বাধ্যতামূলক একাডেমি থাকে, ক্লাবগুলোতে যাতে বাধ্যতামূলক মাঠের ব্যবস্থা করে দিতে পারি, সেই ধরনের কিছু পরিকল্পনা আমাদের আছে। বয়সভিত্তিক দলগুলো নিয়েও পরিকল্পনা রয়েছে। আমাদের একটু সময় দেন, আমরা কাজ করছি। পর্যায়ক্রমে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে।’

রাজনীতির ঊর্ধ্বে ক্রীড়াঙ্গন গড়ার পরিকল্পনা

আবাহনী-মোহামেডানের সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচকে দুই ক্লাবের খেলোয়াড়দের পুনর্মিলনীর পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তার মতে, ক্লাব পরিচালনায় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, ‘বিভিন্ন ক্লাবকে অতীতে পলিটিসাইজ করা হয়েছিল। আজকের মোহামেডান-আবাহনীর প্রদর্শনী ম্যাচে সাবেক খেলোয়াড়দের পাশাপাশি দুই ক্লাবের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমরা বিশ্বাস করি, আজকের এই মিলনমেলার হাত ধরে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকটি ক্লাব পরিচালনা করতে চাই।’

ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার বিষয়ে প্রধানমন্ত্রীরও আগ্রহ রয়েছে বলে জানান তিনি। আমিনুল হক বলেন, ‘আগামীর বাংলাদেশে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব ক্লাব, স্পোর্টিং ক্লাব ও একাডেমিকে নিয়ে বাংলাদেশের খেলাধুলাকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে চাই।’

আবাহনী-মোহামেডান ছাড়াও দেশের অন্য ক্লাবগুলোর সমর্থকভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে আগামী বছর থেকে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, আনসার, পুলিশ ও বিজিবিকে ঘরোয়া ফুটবলসহ বিভিন্ন খেলায় সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, আনসার, পুলিশ ও বিজিবিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা যেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলসহ সব খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ইতিবাচকভাবে আমাদের সঙ্গে কাজ করার বার্তা দিয়েছে। আগামী বছর থেকে এই বাহিনীগুলোকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের খেলাধুলা আরও বিস্তৃত করার কার্যক্রম হাতে নিয়েছি।’

নতুন পরিকল্পনায় আবাহনী ক্লাব কমপ্লেক্স

আবাহনী লিমিটেডের অসমাপ্ত ক্লাব কমপ্লেক্সের কাজও এগিয়ে নিতে চায় সরকার। বিদ্যমান অবকাঠামো অক্ষুণ্ন রেখে নতুন পরিকল্পনা যুক্ত করে প্রকল্পটি সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আবাহনী ক্লাবের কমপ্লেক্সটি যে অবস্থায় আছে, সেটাকে আরও কীভাবে বিস্তৃত করা যায়, নতুন কিছু পরিকল্পনা সংযোজন করে বর্তমান অবস্থা ধরে রেখেই আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। আশা করছি, কমপ্লেক্সটি সম্পন্ন করতে পারবো।’

এ বিষয়ে এলাকার সংসদ সদস্য, মন্ত্রী ও ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আবাহনীর ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি কমপ্লেক্সের একটি অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার পরিকল্পনাও রয়েছে সরকারের।