আবাহনীর পতাকায় মোড়ানো কফিন। চারপাশে শোকাতুর ক্রীড়াঙ্গনের মানুষ। অশ্রুসজল চোখে শেষবারের মতো বিদায় জানালেন প্রিয় অভিভাবককে। যে ক্লাবকে ঘিরে কেটেছে জীবনের বড় একটি অংশ, সেই আবাহনীর প্রাঙ্গণেই শেষ শ্রদ্ধা জানানো হলো হারুনুর রশীদকে। বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় অংশ নেন শত শত ক্রীড়াবিদ, সংগঠক ও সাধারণ মানুষ।
জানাজার আগে আবাহনীর ঐতিহ্যবাহী পতাকায় ঢেকে দেওয়া হয় হারুনুর রশীদের কফিন। সেখানে উপস্থিত সাবেক ফুটবলার, ক্রিকেটার, হকি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে নেমে আসে শোকাবহ পরিবেশ। আবাহনী ক্লাবের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে স্তব্ধ হয়ে যায় পুরো প্রাঙ্গণ। জানাজা শেষে বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।
পরে হারুনুর রশীদের মরদেহ নিয়ে যাওয়া হয় তার জন্মস্থান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
বাংলাদেশের আধুনিক ফুটবল আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক হারুনুর রশীদের জীবনাবসান হলো ৭৭ বছর বয়সে। ১৯৭১ সালে আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে অনেক দিন ধরেই চলাফেরা করতে পারতেন না।
শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রাত সাড়ে ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ক্রীড়া সংগঠক। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
জানাজায় এসে আবাহনীর সঙ্গে হারুনুর রশীদের নিবিড় সম্পর্কের কথা স্মরণ করেন ১৯৭৭ সালে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলের অধিনায়ক শেখ আশরাফ আলী। তিনি বলেন, ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক। ক্লাবের সুখে-দুঃখে বরাবরই তিনি পাশে ছিলেন। ক্লাবটি দাঁড় করিয়ে রেখেছিলেন হারুন ভাই। ক্লাবে অনেক কর্মকর্তাই এসেছেন, কিন্তু হারুন ভাইয়ের অবদান সবার চেয়ে বেশি, এক শ ভাগ।’
আবাহনী লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুও স্মৃতিকাতর হয়ে পড়েন। তিনি বলেন, ‘আজ এখানে যারা এসেছেন, তাদের বেশিরভাগই ক্রীড়াঙ্গনের মানুষ। হারুন ভাইয়ের পরিচিতি নতুন করে বলার কিছু নেই। আবাহনীর জন্মলগ্ন থেকেই তার পরিচিতি ও অবদান। আমার পাশে যারা আছেন, তারা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। আবাহনী ক্লাব ও দেশের ফুটবলে হারুন ভাইয়ের অবদান অনেক বড়। এটি ছিল তার দীর্ঘ পথচলা।’
হারুনুর রশীদের খেলাপাগল মানসিকতার কথা তুলে ধরে অঞ্জন চৌধুরী বলেন, ‘খেলাধুলাই ছিল তার প্রাণ, সবকিছু। এটাকে শখ বলা যাবে না, পেশাও বলা যাবে না। বলা যায়, এটা ছিল তার নেশা। সকাল থেকে রাত, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ফুটবল ও খেলাধুলা নিয়েই চিন্তা করতেন। এখানে কাজ করতেন। খেলাধুলাই ছিল তার জীবন।’
হারুনুর রশীদের বিদায়কে একই সঙ্গে সৌভাগ্য ও বেদনার বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজকের এই দিনে হারুন ভাইকে আমরা বিদায় জানালাম। এক দিক দিয়ে এটি সৌভাগ্যের, অন্যদিকে দুঃখজনক। আমরা তাকে সবসময় মিস করব। ব্যক্তিগতভাবে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করেন এবং তার আত্মার শান্তি নিশ্চিত করেন।’
কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলামও স্মৃতিচারণা করেন হারুনুর রশীদকে নিয়ে। তিনি বলেন, ‘স্বাধীনতার পর আমাদের ক্রীড়াঙ্গন ও সমাজ গঠনে যে ভূমিকা রেখে গেছেন হারুন ভাই, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন দক্ষ ক্রীড়া কর্মকর্তা আর নিরহংকার মানুষ পাওয়া বিরল।’
মোহামেডানের সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বিরও শ্রদ্ধা জানান প্রয়াত এই সংগঠককে। তার ভাষায়, ‘হারুন ভাইয়ের মতো এত বিনয়ী সংগঠক আমার জীবনে দেখিনি। এমন সংগঠক হারানো বাংলাদেশের ফুটবলের জন্য বিরাট ক্ষতি।’
সংগঠক ফজলুর রহমান বাবুলের কাছেও হারুনুর রশীদ ছিলেন পুরো ক্রীড়াঙ্গনের অভিভাবক। তার সংক্ষিপ্ত মূল্যায়ন, ‘হারুন ভাই ছিলেন গোটা ক্রীড়াঙ্গনেরই অভিভাবক। আমাদের পথপ্রদর্শক।’
আবাহনীর সাবেক ফুটবলার ও ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু মৃত্যুর সময় হারুনুর রশীদের পাশে ছিলেন। প্রিয় মানুষটির বিদায়ে আবেগাপ্লুত রুপু বলেন, ‘মৃত্যুর সময় আমি তার পাশেই ছিলাম। হারুন ভাই বলতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একজনই ছিলেন। ক্রীড়াঙ্গনে আরেকজন হারুন ভাই আর পাওয়া যাবে কি না, সংশয় আছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যা কিছু করা দরকার, সবকিছুতেই তিনি অগ্রণী ভূমিকা রেখে গেছেন। আমি তার হাত ধরে খেলোয়াড় থেকে সংগঠক হয়েছি। উনি কত খেলোয়াড় ও সংগঠক তৈরি করেছেন, তার কোনও ইয়ত্তা নেই।’
১৯৭২ সালে ইকবাল স্পোর্টিং ক্লাবের নাম পরিবর্তন করে রাখা হয় আবাহনী ক্রীড়া চক্র। ক্লাবটির ঐতিহ্যবাহী লোগোটিও হারুনুর রশীদের নিজের নকশা করা। জাতিসংঘের পতাকার রঙের অনুপ্রেরণায় দুই পাশে লতাপাতার বেষ্টনী দিয়ে নিজ হাতে লোগোটি তৈরি করেছিলেন তিনি।
আবাহনীর প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবটির পথচলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন হারুনুর রশীদ। মানুষটি চলে গেলেও আবাহনীর পতাকা, লোগো আর ক্লাবের ইতিহাসের সঙ্গে অমলিন হয়ে থাকবে তার নাম।