আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ— যার নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন কার্লোস এসপি। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছে গেছে লস ব্লাঙ্কোসরা। যদিও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে থাকছে বার্সেলোনা।

হোসে মরিনিয়োর অধীনে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয়টি ম্যাচ জিতেছে।

এই মৌসুমে বেঞ্চ থেকে নেমে প্রায়ই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা এসপি সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের এই ঘুরে দাঁড়ানোর গল্পে বড় ভূমিকা রেখেছেন— যদিও শুরুতেই পাবলো দুরানের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারীরা।

জুড বেলিংহ্যাম রিয়ালকে সমতায় ফেরানোর পর ৮৫তম মিনিটে গোল করে দলের জন্য মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত করেন এসপি।

রিয়ালের সর্বোচ্চ গোলদাতা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জন্য রাতটি ছিল হতাশার; তিনি একটি পেনাল্টি মিস করেন।

ভিনিসিয়ুস জুনিয়রকে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন মরিনিয়ো। চুল টেনে ধরার দায়ে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে লা লিগায় ফেরা এই ব্রাজিলিয়ান উইঙ্গার বদলি হিসেবে নেমে দারুণ ছন্দ দেখান এবং রিয়ালের দুটি গোলেই অবদান রাখেন।

ষষ্ঠ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড দুরানের গোলে চমকপ্রদ শুরু পায় সেল্টা ভিগো।

দ্রুতগতির আক্রমণে রিয়ালের রক্ষণভাগ ভেদ করে গ্যালিসিয়ানরা এগিয়ে যায়। উইলিয়ট সুইডবার্গ ডিন হুইজেনের পায়ের ফাঁক দিয়ে বল বাড়ান গোলের সামনে, আর সেখান থেকেই জাল খুঁজে নেন দুরান।

সমতা ফেরানোর ভালো সুযোগ পেয়েছিল রিয়াল— ডিয়োমান্ডের দারুণ এক ক্রস থেকে ডাইভিং হেডে বল বাইরে পাঠান বার্নার্দো সিলভা।

এর চেয়েও বড় সুযোগ হাতছাড়া হয় যখন নিজে পেনাল্টি আদায় করেও তা কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপ্পে।

বক্সের ভেতর হাভি রদ্রিগেজ তাকে টেনে ধরলে পেনাল্টি পায় রিয়াল, কিন্তু ফরাসি ফরোয়ার্ড স্পট কিক থেকে বল ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন—যা এই মৌসুমে তার দ্বিতীয় পেনাল্টি মিস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই তিন বদলির অংশ হিসেবে ভিনিসিয়ুসকে মাঠে নামান মরিনিয়ো, আর রেকর্ড চুক্তিতে আসা ডিয়োমান্ডেকে সরিয়ে নেওয়া হয় ডান প্রান্তে।

এর ১০ মিনিট পরই রিয়ালের সমতাসূচক গোলে জড়িয়ে থাকেন ভিনিসিয়ুস। তার বাড়ানো বল পান এমবাপ্পে, যিনি বেলিংহ্যামকে সুযোগ করে দিলে তিনি নিখুঁত শটে নিচের কোণা দিয়ে বল জালে জড়ান—যা লিগে তার পঞ্চম গোল।

সেল্টা ক্রমশ আরও রক্ষণাত্মক হয়ে পড়ায় এগিয়ে যাওয়ার চেষ্টায় কামাভিঙ্গা একটি শট নেন, যা দূরের পোস্টের খুব কাছ দিয়ে বেরিয়ে যায়।

অবশেষে জয়সূচক গোলটি আসে যখন বেলিংহ্যাম বল নিয়ে এগিয়ে গিয়ে ভিনিসিয়ুসকে দেন, আর তিনি ক্রস ভাসান টার্গেট ম্যান এসপির উদ্দেশে— যাকে গ্রীষ্মে লেভান্তে থেকে দলে ভেড়ানো হয়েছিল। এসপির হেড সেল্টা গোলরক্ষক ইয়োনুত রাদু ঠেকালেও ফিরতি বল থেকে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

লিগে এটি ছিল এসপির তৃতীয় গোল এবং তার করা প্রতিটি গোলই রিয়ালকে শেষ মুহূর্তের জয় এনে দিয়েছে।