বাফুফের সিদ্ধান্ত পেয়েছেন ডুলি, পরিকল্পনা করছেন ২০২৭ সালের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে বৈঠকের পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৬৫ বছর বয়সী এই কোচ। জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত পেয়েছেন। এখন তার ভাবনায় ২০২৭ সালের পরিকল্পনা।

২২ নভেম্বর বাফুফের সঙ্গে বৈঠক শেষে ডুলি জানান, আলোচনা ভালো হয়েছে। বৈঠকে যেসব প্রশ্নের উত্তর পেয়েছেন, সেগুলো তার কাছে স্বাভাবিক ও যুক্তিসংগত মনে হয়েছে।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রবিবার বাংলা ট্রিবিউনকে ডুলি বলেন, ‘সত্যি বলতে, আমার লুকানোর কিছু নেই! সব উত্তরই যুক্তিসংগত। আমি আপনাকে একটি প্রশ্ন করতে পারি, আপনিও একই উত্তর দেবেন। কোনও খেলোয়াড় যদি অনুশীলন করতে না পারে, তাহলে তার কি খেলা উচিত?’

বিষয়টি আরও পরিষ্কার করতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শও দিয়েছেন ডুলি। তার মতে, এখানে বিভ্রান্তির কিছু নেই, সবকিছুই পরিষ্কার।

ডুলি আরও বলেন, ‘আমি সিদ্ধান্ত পেয়েছি। এখন ২০২৭ সালের পরিকল্পনা করছি।’

বাংলাদেশ দলের উন্নতি নিয়েও বেশ আত্মবিশ্বাসী এই কোচ। তার দাবি, দলের পারফরম্যান্সে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এই উন্নতির সঙ্গে কেউ একমত না হলে ফুটবল সম্পর্কে তার বোঝাপড়া নিয়েই প্রশ্ন তুলেছেন ডুলি।

তার ভাষায়, ‘উন্নতি স্পষ্টভাবে দৃশ্যমান। কেউ যদি এর সঙ্গে একমত না হন, তাহলে হয় তিনি খেলাটা বোঝেন না, নয়তো তার মতামতের কোনও গুরুত্ব নেই।’

দলের অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখার পক্ষেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন ডুলি। তার প্রশ্ন, ‘যে বিষয়টি সঠিক পথে এগোচ্ছে, সেটি পরিবর্তন করতে চাইবেন কেন?’

ডুলির বক্তব্যে আপাতত ২০২৭ সালকে সামনে রেখে বাংলাদেশ দলের পরিকল্পনা সাজানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে তার চুক্তির মেয়াদ, দায়িত্বের পরিধি এবং ভবিষ্যৎ নিয়ে বাফুফের আনুষ্ঠানিক অবস্থান কী, সেটিই এখন দেখার বিষয়।