মেসিদের দেশের ফুটবল পাঠ নিলো বাংলাদেশের খুদে ফুটবলাররা

মেসি-ডি মারিয়াদের দেশের ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি শেখার সুযোগ পেয়েছে বাংলাদেশের খুদে ফুটবলাররা। আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও প্রশিক্ষণ কৌশলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে ইয়ুথ ফুটবল ক্লিনিক আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার ঢাকার বাফুফে ভবনের টার্ফে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক বিভাগের একটি প্রতিনিধিদলের তত্ত্বাবধানে ক্লিনিকটি পরিচালিত হয়। ব্যবহারিক প্রশিক্ষণ সেশনে অংশ নিয়ে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার পাশাপাশি তা অনুশীলনের সুযোগ পেয়েছে খুদে ফুটবলাররা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং বাফুফের সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)। এছাড়া বাফুফের নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ (সবুজ) ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহীন) উপস্থিত ছিলেন।

এএফএর আন্তর্জাতিক বিভাগের প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং স্পোর্টস ম্যানেজার আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।

আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে বাংলাদেশের তরুণ ফুটবলারদের পরিচিত করানো এবং আন্তর্জাতিক পর্যায়ের কোচিং অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।