সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, অপরাধমূলক এই হামলায় অননুমোদিতভাবে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।
তবে বাতিল হয়ে যাওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের কোনো ফাইল এই হামলায় হাতিয়ে নেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত এক ব্যক্তি।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফিফার মুখপাত্র বলেছেন, ‘ফিফা নিশ্চিত করছে, তারা অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিসরে কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে।’
তথ্য চুরি ও তা প্রকাশের নিন্দা জানিয়েছে ফিফা। বিশেষ করে ব্যক্তিগত তথ্যের অননুমোদিত ব্যবহারকে গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংস্থাটি।
তবে এই হামলায় কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, কখন হামলাটি চালানো হয়েছে কিংবা কী ধরনের ব্যবসায়িক তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি ফিফা। তথ্য প্রকাশের বিষয়টি উল্লেখ করলেও সেগুলো অনলাইনে প্রকাশিত হয়েছে কি না, কিংবা কোথায় প্রকাশ করা হয়েছে, তা-ও স্পষ্ট করেনি সংস্থাটি।
বিষয়টি সম্পর্কে অবগত ওই ব্যক্তির দাবি, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে থাকা মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, গত জুলাইয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ব্যাপক সমালোচনার মুখে বিশ্বকাপের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে তার সংস্থা।
পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন আয়োজন পরিচালনার জন্য নতুন একটি ইউনিট গঠন করার কথা ছিল। সেই ইউনিটের ২০ শতাংশ মালিকানা বিক্রি করে সর্বোচ্চ ৪২০ কোটি ডলার তোলার লক্ষ্য ছিল সংস্থাটির।