শুকির বিদায়ী ম্যাচে রবসনের জোড়া গোলে ফর্টিসকে হারালো কিংস

বসুন্ধরা কিংস অ্যারেনায় আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন রবসন রবিনিয়ো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে ফর্টিস এফসিকে ২–১ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচে একটি পেনাল্টি থেকে গোল করার পর দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান বাড়ান রবসন। শেষদিকে ফর্টিস একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

শুক্রবার সন্ধ্যায় ঘরের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বসুন্ধরা কিংস। বক্সের মধ্যে রবসন রবিনিওকে ফাউল করেন ফর্টিসের ডিফেন্ডার মিঠু চৌধুরী। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি রবসন। তার গোলে প্রথমার্ধে ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কিংস।

বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে স্বাগতিকেরা। ৫৩ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় বসুন্ধরা কিংস। সেটি থেকেই দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রবসন। ফর্টিস গোলকিপার সুজন পেরেরা চেষ্টা করেও বলের নাগাল পাননি।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ফর্টিস। ৭২ মিনিটে সেই চেষ্টায় সফলও হয় তারা। পা ওমর বাবুর নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন মিঠু চৌধুরী। প্রথমার্ধে পেনাল্টির জন্য দায়ী এই ডিফেন্ডার গোল করে কিছুটা হলেও ভুলের প্রায়শ্চিত্ত করেন।

এর পাঁচ মিনিট পর ফর্টিসের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামেন শুকি ইতোফুসা। দেশের বাইরের লিগে খেলার সুযোগ পাওয়ায় মৌসুমের মাঝপথেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিরতির সময় ক্লাবের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনাও দেওয়া হয়।

এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে আসলো বসুন্ধরা কিংস। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট পেয়ে তালিকার ছয়ে নেমে গেলো ফর্টিস। এর আগে দিনের অপর ম্যাচে আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশ পুলিশ এফসি।