ব্রাজিলিয়ানের চোটে সুযোগ, স্ট্রাইকার হয়েই সাব্বিরের বাজিমাত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৬, ১৬:২১ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৬:২১

রক্ষণভাগের নানা পজিশনে খেলেছেন। এরপর মাঝমাঠে, কখনও আবার ১০ নম্বর পজিশনে। এবার নম্বর নাইন হয়ে গোলের পর গোল করে চমকে দিচ্ছেন সাব্বির হোসেন। বসুন্ধরা কিংসের এই ২৩ বছর বয়সী ফুটবলার হ্যাটট্রিক করে আলোচনায় এসেছেন। মৌসুমে এখন পর্যন্ত পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। এবার তার স্বপ্ন জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো।

ব্রাজিলিয়ান স্ট্রাইকার চোটের কারণে খেলতে না পারায় সুযোগ আসে সাব্বিরের সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে শুরু থেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি। তবে স্ট্রাইকার পজিশনে খেলার অভিজ্ঞতা একেবারে নতুন নয়। অনুশীলনে বিভিন্ন পজিশনে খেলার অভিজ্ঞতা থাকায় নতুন দায়িত্ব নিতে ভয় পাননি সাব্বির।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমি ভাবিনি স্ট্রাইকার পজিশনে খেলতে হবে। ব্রাজিলিয়ান খেলোয়াড় চোট থেকে সেরে উঠতে পারেনি। তার জায়গায় আমার খেলার সুযোগ হয়েছে। যদিও অনুশীলনে সব জায়গায় খেলার অভ্যাস ছিল। তাই স্ট্রাইকার পজিশনে খেলতে ভয় পাইনি। আত্মবিশ্বাস নিয়েই খেলছি।’

শুধু একটি হ্যাটট্রিক করেই সন্তুষ্ট থাকতে চান না সাব্বির। মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্য তার। দলের জয়ে অবদান রাখার পাশাপাশি ব্যক্তিগত অর্জনের খাতাটাও সমৃদ্ধ করতে চান এই ফরোয়ার্ড।

ক্লাব ফুটবলে নিয়মিত ভালো খেলে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে চান তিনি। সাব্বিরের ভাষায়, ‘একজন ফুটবলারের স্বপ্ন থাকে নিয়মিত খেলা, গোল পাওয়া। আমারও তাই। তবে লাল-সবুজ জার্সিতে খেলতে পারলে ভালো লাগবে।’

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে উঠে আসা পাঁচ ফুট ১০ ইঞ্চি উচ্চতার সাব্বির কয়েক মৌসুম ধরে বসুন্ধরা কিংসে খেলছেন। গত মৌসুমেও গোল পেয়েছিলেন। তবে এবার শুরু থেকেই একাদশে সুযোগ পেয়ে গোলের পর গোল করে নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন।

মাঠে রবসনের সঙ্গে তার বোঝাপড়াও ভালো। এই ছন্দ ধরে রেখে নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে চান সাব্বির। নিয়মিত খেলার মধ্য দিয়ে ক্যারিয়ার এগিয়ে নেওয়াই তাঁর লক্ষ্য। তবে ঘরোয়া ফুটবলে স্ট্রাইকার হিসেবে নিয়মিত জায়গা ধরে রাখার চ্যালেঞ্জও বুঝতে পারছেন তিনি। কারণ, এই পজিশনে বিদেশি ফুটবলারদের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।

সাব্বির বলেন, ‘আসলে ঘরোয়া ফুটবলে স্ট্রাইকার পজিশনে নিয়মিত খেলা কঠিন। বিদেশিরা আছে। তারপরও আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

তার সামর্থ্য নিয়ে আশাবাদী কোচ জোবায়ের নিপু। সাব্বিরের মধ্যে জাতীয় দলের স্ট্রাইকার হওয়ার গুণ দেখছেন তিনি। কোচের ভাষায়, ‘ওর মধ্যে যোগ্য স্ট্রাইকার হওয়ার সব গুণ আছে। আমার মনে হয়, ধারাবাহিক পারফরম্যান্স করতে পারলে সাব্বির জাতীয় দলে স্ট্রাইকার পজিশনের শূন্যতা পূরণ করতে পারবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
রাকিব-সোহেল রানাদের দায়িত্বে এবারও দেশি কোচ
লাল কার্ডের ম্যাচে সাব্বিরের হ্যাটট্রিক, কিংসের ৭ গোলের উৎসব
বিরতির পর গোলবন্যা, ব্রাদার্সকে ৬ গোল দিলো ফর্টিস
সর্বশেষ খবর
ককরোচ নেতাদের আটকে নারী সদস্যদের কেন পাঠালো দিল্লি পুলিশ
ককরোচ নেতাদের আটকে নারী সদস্যদের কেন পাঠালো দিল্লি পুলিশ
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেওয়া হলো সময়
সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেওয়া হলো সময়
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ