রিয়ালকে রুখে দিয়েছে ম্যানসিটি

রিয়াল-ম্যানসিটিচ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে রোনালদোবিহীন রিয়াল। এমন ফলেও খুশি রিয়াল বস জিনেদিন জিদান! জানালেন, দ্বিতীয় লেগে নিজেদের সর্বস্ব ঢেলে দিয়ে ফাইনালের টিকিট পকেটে পুরতে চায় রিয়াল! তবে আক্ষেপের সুরও বাজলো ফরাসি এই মহাতারকার কণ্ঠে। বললেন, প্রথম লেগে একটা গোল করতে পারলে ভালো হতো।

ঘরের মাঠ বলেই শুরু থেকেই উজ্জীবিত ছিল ম্যানচেস্টার সিটি। শুরু থেকেই রিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে তারা। প্রথমার্ধে অবশ্য বল পজিশনে এগিয়ে ছিল ম্যানসিটিই। হয়েছে আক্রমণ-পাল্টা আক্রমণ, কিন্তু মেলেনি গোলের দেখা। অবশ্য এই অর্ধে গোলের সুযোগ কমই এসেছে দুই দলের সামনে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার যেন একটু বাড়িয়ে দেয় রোনালদোহীন রিয়াল মাদ্রিদ। ৪৮ মিনিটে পেনাল্টির আবেদন করেছিল রিয়াল। তবে রেফারি তাতে সাড়া দেয়নি। ৫৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ অবধি জো হার্টকে ফাঁকি দিতে পারেনি সার্জিও রামোস।

শেষ দিকে একটু বেশি আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ। দুটি গোলের সুযোগও পেয়েছিল তারা। তবে সিটি গোলরক্ষক দেয়াল হয়ে দাঁড়ানোয় তা হয়নি। ৮০ মিনিটে ক্যাসেমিরোর হেড শুয়ে পড়ে পা দিয়ে ঠেকিয়ে দেন জো হার্ট। একটুর জন্য হয়নি গোল। এর মিনিট তিনেক পর ম্যাচের সবচেয়ে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে রিয়াল মাদ্রিদ। কর্নার থেকে উড়ে আসা বলে জটলার মধ্যে হেড নিয়েছিলেন বেল। সেখান থেকে গোলরক্ষকের সামনে বল পান পেপে। কিন্তু তার নেওয়া শট জো হার্টের বুকে লেগে ফেরত আসে।

শেষটা রঙিন হতে পারত ম্যানচেস্টার সিটি। অতিরিক্ত সময়ে বক্সের সামান্য দূরে ফ্রি কিক পেয়েছিল তারা। কিকটি নেন ডি ব্রুনে। বাঁকানো শট ঢুকতে যাচ্ছিল জালে, তবে রিয়াল গোলরক্ষক তা ফিস্ট করে পাঠিয়ে দেন মাঠের বাইরে। হতাশ সার্জিও অ্যাগুয়েরোরা। শেষ অবধি গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়ে দুই দল।

/এমআর/