এশিয়া কাপ হকির থিম সং ‘আটটি তারার মেলা’

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বসবে এশিয়া কাপের আসর১৯৮৫ সালে এশিয়া কাপ হকির আয়োজক হয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ৩২ বছর পর এশিয়ার সেরা হকি টুর্নামেন্টের আয়োজনের ভার বাংলাদেশের ওপরে। প্রতিযোগিতার থিম সং ‘আটটি তারার মেলা’র উদ্বোধন হয়েছে শনিবার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে। মান্নান মোহাম্মদের কথা ও সুরে গানটি গেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী আরিফ।

এশিয়া কাপের প্রোমোশনাল ভিডিও উদ্বোধন করা হয় এসময়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, ফেডারেশনের সহ-সভাপতি ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ প্রমুখ।

টুর্নামেন্টের সাফল্য নিয়ে দারুণ আশাবাদী জাতীয় দলের সাবেক অধিনায়ক আব্দুস সাদেক। তিনি বলেছেন, ‘আর মাত্র কয়েকটি দিন বাকি। এশিয়ান হকির বৃহত্তম আসর আবার ঢাকার মাঠে। আমার বিশ্বাস, ফ্লাডলাইটে আয়োজিত এই প্রতিযোগিতা দেশের হকিতে নতুন প্রাণসঞ্চার করবে।’

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আট দলের প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। স্বাগতিক দলের তিন গ্রুপসঙ্গী ভারত, পাকিস্তান ও জাপান। ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন আর ওমান।

১১ অক্টোবর উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ১৩ ও ১৫ অক্টোবর পরের দুই ম্যাচে স্বাগতিকরা খেলবে ভারত এবং জাপানের বিপক্ষে।