জুনিয়র এশিয়া কাপ হকিতে বড় স্বপ্ন বাংলাদেশের। প্রথম ছয়টি দলের মধ্যে থাকতে পারলে যুব বিশ্বকাপ খেলা নিশ্চিত। আজ রবিবার বিকালে ওমানের মাস্কটে চীনকে হারাতে পারলে স্বপ্নের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে মওদুদুর রহমান শুভর দল।
অনূর্ধ্ব-২১ দলের টুর্নামেন্টে তিন ম্যাচে চার পয়েন্ট বাংলাদেশের। চীনের বিপক্ষে জয় কিংবা ড্র হলে বিশ্বকাপ স্বপ্ন ভালো মতো টিকে থাকবে। চীনকে বাংলাদেশ হারাতে পারলে আর ওদিকে পাকিস্তান বড় ব্যবধানে মালয়েশিয়ার বিপক্ষে জিতলে সেমিফাইনালও নিশ্চিত হবে রাকিবুল- মেহেদীদের।
চীনকে আগে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। মালয়েশিয়ার বিপক্ষে পয়েন্ট নেওয়া লাল সবুজ দলের খেলোয়াড়রা ফুরফুরে আছে। আজও জিততে চাইছে সবাই।
বাংলাদেশ কোচ মওদুদুর রহমান আশাবাদী বাংলাদেশ বিশ্বকাপে যাবে। মাস্কট থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ মালয়েশিয়ার বিপক্ষে রকি দ্বিতীয় কোয়ার্টারে স্ট্রোক মিস করেছে। তবে জেতার মতোই খেলেছি আমরা। ড্র হলেও আমি খুবই খুশি। চীনের সঙ্গে জিতলে আমাদের পয়েন্ট হবে ৭। চীনের সঙ্গে ড্র করলেও আমরা গ্রুপে তৃতীয় হবো। তখন হয়তো ৫ থেকে ৭ম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। প্রতিপক্ষ হতে পারে থাইল্যান্ড। ফলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে যুব বিশ্বকাপে জায়গা করে নেওয়ার।’