রোমানের শততম ম্যাচ: আনন্দের সঙ্গে আছে আক্ষেপও

২০১৩ সালে মালয়েশিয়ার ইপোতে এশিয়া কাপ হকিতে ওমানের বিপক্ষে অভিষেক হয়েছিল রোমান সরকারের। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সেই যাত্রা অব্যাহত আছে এখনও। বৃহস্পতিবার এশিয়ান গেমস বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে নিজের শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন আবাহনী লিমিটেডের এই মিডফিল্ডার। শততম ম্যাচ জিতে দলকে মূল পর্বে তুলে নেওয়ায় দিনটি রোমানসহ পুরো দলের জন্যই স্মরণীয় হয়ে আছে। তার সঙ্গে আক্ষেপও পুড়ছেন তিনি!

থাইল্যান্ডের ব্যাংকক থেকে ২৭ বছর বয়সী এই খেলোয়াড় বলেছেন, ‘আজ শততম ম্যাচ খেললাম, অনুভূতিটা দারুণ। অনেক আগে শুরু করেছিলাম, এখনও খেলছি। আসলে ফিটনেস, পারফরম্যান্স ও শৃঙ্খলা বজায় রাখতে পারলে নিয়মিত খেলা সম্ভব। আমি সেভাবেই খেলে যাচ্ছি। আজকের ম্যাচ জিতে দল মূল পর্বে উঠেছে, তাই দিনটি স্বস্তিরও।’

তবে শততম ম্যাচ খেলার আনন্দের পাশাপাশি হতাশাও রয়েছে। এবারের বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে; সেরা ছয়ে থেকে মূল পর্বে খেলতে হচ্ছে। এ কারণে পুরো দলই অনুতপ্ত বলে জানান রোমান, ‘আসলে কেন এমন হলো, আমরা নিজেরাও বুঝতে পারছি না। ম্যাচে আধিপত্য করেছি, আক্রমণও করেছি, তবু কাঙ্ক্ষিত জয় আসেনি। এমন ফল আগে কখনও হয়নি। সবাই এ নিয়ে খুবই অনুতপ্ত। আমার মনে হয়, বাছাইপর্বের আগে অনুশীলন ম্যাচ খেলতে পারলে ভালো হতো। অন্য দলগুলো এবার ভালো প্রস্তুতি নিয়ে এসেছে।’

শততম ম্যাচ খেলার পর রোমানের দৃষ্টি এখন সামনের দিকে। তিনি বলেছেন, ‘শুরুতে ভাবিনি ১০০টি ম্যাচ খেলতে পারবো। ৮০টি ম্যাচ খেলার পর মনে হয়েছিল সামনে এগোতে পারবো। আজ সেটা সম্ভব হয়েছে। এখন সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের হয়ে আরও ম্যাচ খেলতে চাই। ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে চাই।’