বাবার পর হকি ফেডারেশনের দায়িত্বে এবার ছেলে, কমিটিতে আছেন ফুটবলারও!

কিংবদন্তি খেলোয়াড় ও সংগঠক আব্দুস সাদেকের মৃত্যুর পর এবার তার বড় ছেলে ইশতিয়াক সাদেক বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আব্দুস সাদেক ফুটবল ও হকি—দুই খেলাতেই খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করার পাশাপাশি পরবর্তী সময়ে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকও ছিলেন।

পদাধিকারবলে বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় সাজেদ এ আদেল, কটন গ্রুপের চেয়ারম্যান ও উষা ক্রীড়া চক্রের শাহীন মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আলমগীর, এলিট পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ এবং বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর মো. রাফিউল হক।

এ ছাড়া কমিটিতে রয়েছেন সাবেক তারকা খেলোয়াড় আরিফুল হক প্রিন্স, মাহবুব হারুন, মামুনুর রশীদ, বর্তমান খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি এবং অভিজ্ঞ সংগঠক ইউসুফ আলী।

অন্যদিকে, সাবেক ফুটবলার ও স্ট্রাইকার মিজানুর রহমান ডনকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এ নিয়ে এরই মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪(৩) ধারা অনুযায়ী গঠিত এই অ্যাডহক কমিটিকে আদেশ জারির তারিখ থেকে তিন মাসের মধ্যে ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।