এশিয়ান গেমসে এবারই প্রথম নারী হকিতে খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারের পর আজ (শুক্রবার) তারা কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। এশিয়ান গেমসের নারী হকিতে এটাই বাংলাদেশের প্রথম পয়েন্ট।
গিফুতে সকালে ম্যাচের দ্বিতীয় মিনিটে আইরিন রিয়া পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। দ্বিতীয় কোয়ার্টারের ছয় মিনিটে ফিল্ড গোল করে সমতা আনে কাজাখস্তানের মেয়েরা।
বিরতির পর লোভানোভার গোলে কাজাখস্তান লিড নেয়। ৩৭ মিনিটে লোভানার হ্যাটট্রিকে কাজাখস্তান ৩-১ এ এগিয়ে যায়। মিনিট তিনেক পর কনা আক্তারের গোলে বাংলাদেশ খেলায় ফেরে। শেষ কোয়ার্টারে অর্পিতা পালের গোল করলে স্কোরলাইন হয় ৩-৩। এতেই বাংলাদেশ এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট নিশ্চিত হয়।