কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২

বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন দাস, পপুলার চয়েজে সাবিনা খাতুন

দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ২০২২ সালের সেরাদের হাতে পুরস্কার তুলে দিয়েছে আজ রবিবার। জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস হয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদ। বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড।

বছর জুড়ে দুর্দান্ত পারফর্ম করা লিটন দাসের এই পুরস্কার পাওয়াটা ছিল প্রত্যাশিত। তার পরেও পুরস্কার পেয়ে তিনি বলেছেন, ‘এ রকম একটা পুরস্কার পাওয়া ভাগ্যের এবং সম্মানের ব্যাপার। আমরা দেশের জন্যই খেলি। এরকম পুরস্কার আমাদেরকে আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করে। দোয়া করবেন, পরেরবার যেন আরও ভালো করতে পারি; পুরস্কারের মঞ্চে আবার আসতে পারি।’

বাংলাদেশকে ঐতিহাসিক সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনও পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। তার কথা, ‘যে কোনও পুরস্কারই আমাদেরকে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। বিএসপিএর এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। আগামীতে আরও ভালো করার জন্য এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক।

২০২২ সালে পুরস্কার পেলেন যারা:

বর্ষসেরা ক্রীড়াবিদ: লিটন দাস (ক্রিকেট); পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল); বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস, বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি, বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন, বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার, বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম, বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান, বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল), উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন), তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ), বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার), সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।