ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগেই ভাইভা দিয়েছিলেন আনিসুর রহমান জিকো-শেখ মোরসালিন-দিয়া সিদ্দীকিরা। আজ খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট। কলা অনুষদে ৯ ডিসিপ্লিন থেকে ৩১ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে রয়েছে জিকো-মোরসালিনদের নামও। এছাড়া সর্বাধিক ১২ জন ক্রিকেটার রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শাহজাহান আলী সংবাদ মাধ্যমকে বলেন, ‘অন্য সকল অনুষদের চেয়ে কলা অনুষদে খেলোয়াড়রা বেশি আবেদন করেছিল। দেড় শতাধিকের বেশি আবেদনের মধ্যে সাক্ষাৎকার ও যাচাই-বাছাইয়ের পর কলা অনুষদ তালিকা প্রকাশ করেছে।’
ফের শুরু হওয়া এই খেলোয়াড় কোটা নির্বাচন শতভাগ স্বচ্ছ বলে দাবি শাহজানের, ‘যারা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এবং সিনিয়র-জুনিয়র জাতীয় দলে রয়েছে, পাশাপাশি এসএসসি-এইচএসসিতে একটি নির্দিষ্ট স্কোর আছে, তারাই কেবল ভর্তির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে।’
কলা অনুষদে তারকা খেলোয়াড়দের মধ্যে আর্চার দিয়া, ফুটবলার মোরসালিন, জিকো,ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নিলা ও ক্রিকেটার তাওহীদ হৃদয় অন্যতম।
এছাড়া রোলবল, খো খোর মতো অপ্রচলিত খেলা থেকেও তিন জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ পাচ্ছেন।
কলা অনুষদে প্রাথমিকভাবে নির্বাচিতদের এই সপ্তাহের মধ্যেই বিষয় নির্বাচন (সাবজেক্ট চয়েজ) সম্পন্ন হওয়ার কথা রয়েছে।