বুদাপেস্টে নীড়ের সব টুর্নামেন্টে খেলার অনিশ্চয়তা দূর হলো

দেশসেরা দাবাড়ু মনন রেজা নীড় আগামী ১০ সেপ্টেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতা শেষ হবে ২৩ সেপ্টেম্বর। বুদাপেস্টে আরও তিনটি টুর্নামেন্টে অংশ নেবেন নীড়। কিন্তু শুধুমাত্র অলিম্পিয়াডের সব খরচ দাবা ফেডারেশন দিতে রাজি ছিল, বাকি টুর্নামেন্টের জন্য টাকা দিতে নারাজি জানালে শঙ্কায় পড়েছিল তার অংশগ্রহণ। শেষ পর্যন্ত নীড়ের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠান মডেল গ্রুপ।

শনিবার তারা নীড়কে আড়াই লাখ টাকার পৃষ্ঠপোষকতা করেছে। এছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের পক্ষ থেকে আরও এক লাখ টাকা দেওয়া হয়েছে। 

এই সফরে যে কোনও একটিতে ৯ খেলায় সাড়ে ৫ পয়েন্ট অর্জন করতে পারলেই নীড়ের সামনে গ্র্যান্ডমাস্টার হওয়ার সুযোগ থাকছে। যেহেতু আগেই দুটি আইএম (আন্তর্জাতিক মাস্টার) নর্ম রয়েছে তার, তাই এই টুর্নামেন্টে খেলার সুযোগটা হাতছাড়া করতে চাইছিলেন না নারায়ণগঞ্জের ফিলোসফিয়া স্কুলের নবম শ্রেণির ছাত্র।

স্পন্সর পাওয়ায় খুশি নীড়ের মা মৌমন রেজা শ্রাবণী, ‘নীড়কে যারা স্পন্সর করেছে সেই মডেল গ্রুপ ও জেলা প্রশাসনকে ধন্যবাদ। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। নীড় প্রতিভাবান দাবাড়ু। আশা করি শিগগির সে জিএম নর্ম পেয়ে যাবে।’