নিউ ইয়র্ক থেকে এসে জাতীয় বক্সিংয়ের ফাইনালে প্রবাসী জিনাত

এবারের জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে অন্য মাত্রা যোগ করেছেন প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে আমেরিকান প্রবাসী বক্সারের আগমনে সবার আগ্রহ বেড়েছে। সোমবার দুপুরে রিংয়ে নেমেছিলেন তিনি। ৫২ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ সেনাবাহিনীর আসিয়া খাতুনকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন ৩১ বছর বয়সী বক্সার।

বাংলাদেশে প্রথমবার রিংয়ে নামার পর জিনাতের অনুভূতি ছিল এমন, ‘ভালো লাগছে, এই প্রথম বাংলাদেশে খেললাম। সবাই অনেক উৎসাহ দিয়েছে। মেয়েটা (আসিয়া) ভালোই ফাইট করার চেষ্টা করেছে। মাইন্ড সেট স্ট্রং, গিভ আপ (ম্যাচ ছেড়ে দেওয়া) করেনি। টেকনিক্যালি একটু পিছিয়ে, তবে সাহস আছে।’

৫২ কেজি ওজন শ্রেণিতে নারী বক্সার ছিলেন ৬ জন। জিনাত প্রথম পর্যায়ে বাই পান। আজ তিনি সরাসরি সেমিফাইনালে খেলেন। আসিয়াকে হারিয়ে আগামীকাল চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বেন। আজ আরেক সেমিফাইনালে বাংলাদেশ আনসারের আফরা খন্দকার তূর্য বক্সিং ক্লাবের অন্তরা আক্তার বৃষ্টিকে হারান। আগামীকাল আফরা জিনাতের বিপক্ষে লড়বেন।

বিকেএসপির সাবেক শিক্ষার্থী আফরার আরেকটি পরিচয় তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বড় বোন। আগামীকাল ফাইনাল নিয়ে আফরার মন্তব্য,‘জিনাত অনেক ভালো মানের বক্সার। আশা করি, আগামীকাল একটি উপভোগ্য ফাইনাল হবে।’

নিউ ইয়র্ক থেকে এসে জিনাত ফাইনালের প্রতিপক্ষ আফরাকে নিয়ে বলেছেন, ‘আসলে আমি প্রতিপক্ষ নিয়ে সেভাবে চিন্তা করি না। যে-ই হোক, নিজের খেলাটা খেলে জিততে চাই। বাংলাদেশে প্রথমবার খেলতে এসেছি, চ্যাম্পিয়ন হয়ে ম্যাচটা স্মরণীয় করতে চাই।’