থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। সাফল্য দেখিয়ে আজ রবিবার দুপুরে আর্চারি দল দেশে ফিরেছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পদক জয়ী দলটিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বিমানবন্দরে বাংলাদেশ আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় এশিয়া আর্চারির সভাপতি কাজী রাজীব উদ্দিন চপলসহ অন্যরাও উপস্থিত ছিলেন।
এ সময় যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেছেন, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।’