এশিয়ান গেমস বাছাই হকিতে আগের ম্যাচ জিতে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (১০ এপ্রিল) ছিল স্হান নির্ধারণী ম্যাচ। সেখানে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়ে বাংলাদেশ পঞ্চম হয়েছে। ডিফেন্ডার আশরাফুল ইসলাম জোড়া গোল করে দলকে জিততে সহায়তা করেন।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচও জিতেছিল বাংলাদেশ। সেবার ৪-৩ গোলে জয় পেয়েছিল রোমান-আমিরুলরা।
থাইল্যান্ডের ব্যাংককে আজ শুরুর ৭ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের গোল দলকে লিড এনে দেন।
চার মিনিট পর চাইনিজ তাইপে ম্যাচে সমতা ফেরায়। উই চেংজে আক্রমণ থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন।
১৭ মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন।
২২ মিনিটে চাইনিজ তাইপে পাল্টা দেয়। লো হাও কাই গোল করে বাংলাদেশের উচ্ছ্বাস থামিয়ে দেন।
চার মিনিট পর বাংলাদেশও নিজেদের শক্তি আবারও দেখায়। আক্রমণ থেকে দারুণ ফিনিস করে দলকে ৩-২ এ এগিয়ে নেন মেহরাব হোসেন।
শেষ পর্যন্ত এ স্কোরলাইন ধরে রেখে বাংলাদেশ জয় নিয়ে টার্ফ ছাড়ে।
এবার প্রথমবারের মতো ফেডারেশন ও কোচ আশিকুজ্জামানের ব্যর্থতায় বাংলাদেশকে পঞ্চম হতে হয়েছে। অথচ এই বাছাইয়ে লাল সবুজ দল চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হতো।