আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা

আবাহনী লিমিটেডের সামনে সুযোগ ছিল ট্রফি জয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার। কিন্তু তা হলো কই। দ্বিতীয়ার্ধের দুই গোলে ম্যাচ জিতে বসুন্ধরা কিংস বাংলাদেশ ফুটবল লিগে শিরোপা পুনরুদ্ধার করেছে। দুই  গোলদাতা দোরিয়েলতন ও সোহেল রানা।

১৭ ম্যাচে ১১ জয়, ৫ ড্র এবং এক হারে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১০ জয়, ৪ ড্র এবং তিন হারে  আবাহনী ৩৪ পয়েন্ট নিয়ে  দুই নম্বরে আছে।

কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার (১৫ মে) ম্যাচের ৪৩ মিনিটে আবাহনী জালে বল ঠেলে দিলেও অফসাইডের কারণে গোল পাননি কিংসের সোহেল রানা সিনিয়র। বিরতির এই অর্ধে আবাহনীর চেয়ে দারুণ খেলেও গোলশূন্য বিরতিতে যায় কিংস।

৬২ মিনিটে এক পরিবর্তন আনে আবাহনী। মিরাজুলের জায়গায় কোচ মারুফুল হক বদলি হিসেবে নামান ব্রুনো মাতোসকে। ব্রাজিলিয়ান উইঙ্গার মাঠে নামার পরপরই কিছু আক্রমণ শানায় আবাহনী। ৬৫ মিনিটে এমেকার দারুণ ক্রসের নাগাল পাননি ব্রুনো। ৬৬ মিনিটে আরও একবার এমেকার পাসের নাগাল একটুর জন্য পেলেন না ব্রুনো।

৭২ মিনিটে বক্সে কিংসের ফাহিম ঢুকে পড়লে তাঁকে বাধা দিয়ে পেনাল্টি হজম করেন আবাহনী অধিনায়ক আসাদুজ্জামান বাবলু। বাম দিকের টপ কর্নার দিয়ে  সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন দোরিয়েলতন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের লিগের ১৮তম গোলে শিরোপার সুবাস পেতে থাকলো পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

৭৬ মিনিটে ব্রুনো মাতোসের শট ধরে ফেলেন শ্রাবন। পরের মিনিটে শিরোপা নিশ্চিত করা গোলটি করলেন কিংসের সোহেলে রানা।  সোহেল রানা জুমিয়রের কাছ থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে বা পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন সিনিয়র সোহেল।

এরপর আবাহনী চেষ্টা করেও পারেনি গোল শোধ দিতে।কিংস মাতে উল্লাসে। এক মৌসুম পর ট্রফি নিশ্চিত হয়েছে তাদের।