ক্রীড়াঙ্গনে বড় সাফল্যের পর ছাদখোলা বাসে বিজয় উদযাপন নতুন কিছু নয়। বাংলাদেশেও ফুটবলে এমন দৃশ্য দেখা গেছে একাধিকবার। এবার সেই তালিকায় যুক্ত হলো অ্যাথলেটিক্স। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় রৌপ্য ও ব্রোঞ্জ জিতে দেশে ফেরা অ্যাথলেটদের বরণ করে নেওয়া হলো ছাদখোলা বাসে।
ভারতের ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে’ দুটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতেছে বাংলাদেশ। পদক নিয়ে দেশে ফেরা অ্যাথলেটদের জন্যই এবার বিশেষ এই আয়োজন করে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
বিমানবন্দরে পৌঁছানোর পর অ্যাথলেটদের ফুল দিয়ে বরণ করে নেন ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. ইঞ্জি. মো. সাব্বির মোস্তফা খান। এ সময় ফেডারেশনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে পদকজয়ীদের বিশেষভাবে সাজানো বিআরটিসির একটি ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হয় জাতীয় স্টেডিয়ামে অবস্থিত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যালয়ে। সেখানে তাদের জন্য আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।
বাংলাদেশে ছাদখোলা বাসে বিজয় উদযাপনের প্রচলন নতুন করে আলোচনায় আসে ২০২২ সালে। কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ছাদখোলা বাসে দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন সানজিদা আক্তার। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্যোগে নারী ফুটবলারদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়। এরপর ফুটবলে একাধিকবার এমন আয়োজন দেখা গেছে।
তবে অ্যাথলেটিক্সে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় রৌপ্য ও ব্রোঞ্জ জয়ের পর পদকজয়ীদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার ঘটনা এবারই প্রথম।