তৃণমূল পর্যায় থেকে ভারোত্তোলনের প্রতিভা খুঁজে বের করতে নতুন কুঁড়ি স্পোর্টসের আগামী আসরে এই ইভেন্ট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের জন্য নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার সিনিয়র ক্লাব কাপ ভারোত্তোলন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ফেডারেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
আন্তর্জাতিক অঙ্গনে পদক জয়ের লক্ষ্য সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সরকার- এ কথা জানিয়ে আমিনুল হক বলেন, শুধু সাফ গেমস নয়, বড় পরিসরের প্রতিযোগিতায় সাফল্য পেতে হলে তৃণমূল থেকেই প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে হবে। এ জন্য নতুন কুঁড়ি স্পোর্টসের তৃতীয় আসরে ভারোত্তোলন অন্তর্ভুক্ত করা যায় কি না, তা নিয়ে উদ্যোগ নেওয়া হবে।
খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, নতুন কুঁড়ির প্রথম আসরে প্রায় ১ লাখ ৬৮ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ৫০ হাজার ছিল কিশোরী। দ্বিতীয় আসরে মোট ১৬ লাখ ২৩ হাজার অংশগ্রহণকারীর মধ্যে কিশোরীর সংখ্যা প্রায় ৭ লাখ। মেয়েদের এই অংশগ্রহণ অব্যাহত রাখতে পরিবারগুলোর প্রতি আরও উৎসাহ ও সহযোগিতার আহ্বান জানান তিনি।
জাতীয় পর্যায়ের ভারোত্তোলকদের জন্য ক্রীড়া ভাতা চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন আমিনুল হক। তার তথ্য অনুযায়ী, ইতোমধ্যে জাতীয় পর্যায়ের কয়েকজন খেলোয়াড়কে এই ভাতার আওতায় আনা হয়েছে। যোগ্যতা ও পারফরম্যান্স বিবেচনায় পর্যায়ক্রমে আরও খেলোয়াড়কে সুবিধাটি দেওয়া হবে। খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তা কমাতে এ উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
ক্রীড়াবিদদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী জানান, দেশের ৫০৩টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসার পদ সৃজনের অনুমোদন হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে ক্রীড়াবিদদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া স্কুল পর্যায়ে বিভিন্ন খেলায় বিষয়ভিত্তিক কোচ ও ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
আগামী পাঁচ বছরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানান আমিনুল হক। একই সঙ্গে উপজেলা পর্যায়ে মাঠ ও স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।
ভারোত্তোলনের প্রসারে রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়েও লিগ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তার মতে, পর্যাপ্ত প্রশিক্ষণ সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা গেলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন প্রতিভা উঠে আসবে। তাতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনাও বাড়বে।
কেন মুশফিকের অবসরের ঘোষণা দিতে হলো তামিমকে?