শততম গ্র্যান্ড স্লাম ম্যাচ জয়ে রাঙালেন আলকারেজ 

সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন কার্লোস আলকারেজ। এটি ছিল তার ক্যারিয়ারের ১০০তম গ্র্যান্ড স্লাম ম্যাচ। সেই ম্যাচটাতেই ফরাসি শোম্যান কোরাঁতাঁ মুতের বিপক্ষে সরাসরি সেটে দাপুটে জয় পেয়েছেন স্প্যানিশ তারকা।

২২ বছর বয়সী ছয়বারের গ্র্যান্ড স্লামজয়ী আলকারেজ ২ ঘণ্টা ৫ মিনিটের লড়াইয়ে ৬-২, ৬-৪, ৬-১ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছেন। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে তার প্রতিপক্ষ আমেরিকার ১৯তম বাছাই টমি পল। 

এর আগে মেলবোর্ন পার্কে চারবার খেলেও শেষ আটের বেশি এগোতে পারেননি আলকারেজ। এবার লক্ষ্য অধরা অস্ট্রেলিয়ান ওপেনের। এবারের আসরে শিরোপা জিততে পারলে চারটি গ্র্যান্ড স্লাম জেতা সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হবেন তিনি।

ম্যাচ শেষে আলকারেজ তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা সহজ ছিল না। সত্যি বলতে, কোরাঁতাঁর মতো খেলোয়াড়ের বিপক্ষে খেললে কখন কী হবে, তা বুঝতে পারা কঠিন। ম্যাচের প্রস্তুতিও তাই কঠিন হয়ে যায়। তবে কোর্টে খেলাটা উপভোগ করেছি। আমরা দুজনই দারুণ কিছু শট খেলেছি ও পয়েন্ট পেয়েছি।’