লিওনেল মেসিকে ঘিরে হংকংয়ে তৈরি হওয়া বিতর্ক এবার গড়ালো আর্জেন্টিনা জাতীয় দলের চীন সফর পর্যন্ত। হংকংয়ে ইন্টার মায়ামির প্রীতি ম্যাচে মেসির না খেলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই চীনে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ বাতিল হয়ে গেছে।
‘দ্য অ্যাথলেটিক’ শুক্রবার জানিয়েছিল, মার্চে নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে। পরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) চলমান পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র নিশ্চিত করেছে, ম্যাচ দুটি বাতিল করা হয়েছে। এখন এশিয়ার অন্য কোনো দেশ কিংবা যুক্তরাষ্ট্রে ম্যাচ দুটি আয়োজনের বিষয়টি বিবেচনা করছে এএফএ।
জানুয়ারিতে এএফএ জানিয়েছিল, মার্চের আন্তর্জাতিক বিরতিতে এশিয়া সফরে আর্জেন্টিনা হাংঝুতে নাইজেরিয়া এবং বেইজিংয়ে আইভরি কোস্টের বিপক্ষে খেলবে। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ এরই মধ্যে দুটি ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।
হাংঝু স্পোর্টস ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি বাণিজ্যিক আয়োজন হিসেবে একটি প্রতিষ্ঠান মার্চে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে আলোচনা করেছিল। তবে সবার জানা কারণগুলোর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই আয়োজন করার প্রয়োজনীয় শর্ত পূরণ হচ্ছে না। তাই অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর আগে গত রবিবার হংকং একাদশের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে মেসি না খেলায় হতাশা প্রকাশ করেছিল হংকং সরকার। চোটের কারণে ওই ম্যাচে মাঠে নামেননি ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় বুধবার। টোকিওতে ভিসেল কোবের বিপক্ষে ইন্টার মায়ামির প্রীতি ম্যাচে ৩০ মিনিট খেলেন মেসি। বিষয়টিকে হংকং সরকার ইচ্ছাকৃত ও অবজ্ঞা হিসেবে দেখেছে।
হংকং সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘তিন দিন পর জাপানে মেসি সক্রিয়ভাবে ও স্বাধীনভাবে খেলতে পেরেছেন। সরকার আশা করছে, আয়োজক ও দলগুলো এর একটি যুক্তিসংগত ব্যাখ্যা দেবে।
হংকংয়ে ইন্টার মায়ামির ম্যাচটির আয়োজক ট্যাটলার এশিয়াও পরে বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, গত রবিবার ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ৪০ হাজার দর্শক টিকিটের মূল্যের ৫০ শতাংশ ফেরত পাওয়ার যোগ্য হবেন।
এদিকে ইন্টার মায়ামি তাদের প্রাক-মৌসুম সফরের শেষ প্রীতি ম্যাচ খেলবে ১৫ ফেব্রুয়ারি ফোর্ট লডারডেলে। প্রতিপক্ষ মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ।
এর ছয় দিন পর শুরু হবে এমএলএসের নিয়মিত মৌসুম। নিজেদের মাঠে ইন্টার মায়ামির প্রতিপক্ষ রিয়াল সল্ট লেক।








