ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায়, কাঁদলেন জোকোভিচ

কোর্টে শারীরিকভাবে লড়াই করছিলেন, লড়ছিলেন প্রতিপক্ষের সঙ্গেও। কিন্তু শেষ পর্যন্ত বয়সের কাছে কি হার মানতেই হলো নোভাক জোকোভিচকে? ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে নাটকীয় হারে বিদায় নেওয়ার পর চোখের পানি ধরে রাখতে পারেননি ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। ম্যাচজুড়ে শারীরিক সমস্যায় ভুগে একপর্যায়ে তো তোয়ালে রাখার ঝুড়িতে বমিও করতে হয়েছে তাকে।

২৪টি গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ শেষ সেটে আবেগে ভেঙে পড়েন। নিউইয়র্কের আর্দ্র আবহাওয়ার মধ্যে শারীরিকভাবে বারবার সমস্যায় পড়লেও নিজের চিরচেনা লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছেন। তবে শেষ পর্যন্ত চতুর্থ বাছাই জোকোভিচকে হার মানতে হয় ৭-৬ (৭-৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে।

ফ্লাশিং মিডোয় এটি জোকোভিচের ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথম রাউন্ডে পরাজয়। আর কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তার হার ২০০৬ সালের পর এই প্রথম।

ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘কোর্টে আমার জন্য সময়টা যে ভয়াবহ ছিল, সেটি স্পষ্টই ছিল।’

আরও বলেছেন, ‘আমি মারিয়ানোর জয়কে কোনোভাবেই খাটো করতে চাই না। তাকে অভিনন্দন। সে দারুণ একজন মানুষ এবং লড়াকু খেলোয়াড়। তবে আমি নিজে একটুও উপভোগ করিনি।’

২৫ বছর বয়সী নাভোনে, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৪৯ নম্বরে থাকা এই আর্জেন্টাইন জোকোভিচকে হারিয়ে ক্যারিয়ারের অন্যতম বড় জয় তুলে নিয়েছেন। প্রতিপক্ষকে অভিনন্দন জানানোর সময়ও জোকোভিচ মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছিলেন।

এই হারের সঙ্গে শেষ হয়েছে জোকোভিচের ক্যারিয়ারের ২৫তম একক গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের আরেকটি চেষ্টা। ২৫তম শিরোপা জিততে পারলে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টকে পেছনে ফেলে একক গ্র্যান্ড স্লামে সর্বোচ্চ শিরোপার রেকর্ড নিজের করে নিতেন তিনি।