স্মার্টফোন গরম হয়ে গেলে কী করবেন

বর্তমান যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেক ব্যবহারকারীই একটি সাধারণ সমস্যায় পড়েন— ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া। বিশেষ করে গরমের দিনে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফোন সামান্য গরম হওয়া স্বাভাবিক, তবে সেটি যদি অতিরিক্ত হয়, তবে তা ডিভাইসের আয়ু কমিয়ে দিতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

ফোন কেন গরম হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় কী, তা জেনে নেওয়া যাক— 

যেসব কারণে ফোন অতিরিক্ত গরম হয়

ফোন গরম হওয়ার পেছনে একক কোনও কারণ নেই। সাধারণত একাধিক বিষয়ের সমন্বয়ে এই সমস্যাটি তৈরি হয়:

একটানা গেম খেলা বা ভারী অ্যাপ ব্যবহার: হাই-গ্রাফিক্সের গেম বা ভিডিও এডিটিং অ্যাপ একটানা ব্যবহার করলে প্রসেসরের ওপর প্রচণ্ড চাপ পড়ে। ফলে ফোন দ্রুত গরম হয়ে যায়।

সরাসরি সূর্যালোক ও পারিপার্শ্বিক তাপমাত্রা: কড়া রোদের মধ্যে ফোন ব্যবহার করলে বা গরম কোনও স্থানে (যেমন- গাড়ির ড্যাশবোর্ড) ফোন রেখে দিলে তা দ্রুত তাপমাত্রা শুষে নেয়।

ত্রুটিপূর্ণ চার্জার বা চার্জিংয়ের সময় ব্যবহার: নিম্নমানের বা নন-ব্র্যান্ডের চার্জার ব্যবহার করলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়। এছাড়া, চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করলে বা গেম খেললে তাপমাত্রা বিপজ্জনক স্তরে পৌঁছাতে পারে।

দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল: এলাকায় নেটওয়ার্ক দুর্বল থাকলে ফোন প্রতিনিয়ত শক্তিশালী সিগন্যাল খোঁজার চেষ্টা করে। এতে মডেমের ওপর চাপ পড়ে এবং ফোন গরম হয়।

ব্যাকগ্রাউন্ড অ্যাপস ও মাল্টিটাস্কিং: একসাথে অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সচল থাকলে প্রসেসর ও র‍্যাম অবিরাম কাজ করতে থাকে, যা ফোন গরম হওয়ার অন্যতম বড় কারণ।

মোটা ফোন কেস বা কভার: অনেক সময় আমরা ফোনে এমন ভারী কভার ব্যবহার করি যা ফোনের ভেতরের তাপ বাইরে বের হতে বাধা দেয়।

ফোন ঠান্ডা রাখার ও গরম হওয়া ঠেকানোর উপায়

স্মার্টফোনকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করতে কিছু সহজ সতর্কতা অবলম্বন করা জরুরি:

যা করবেন
> সবসময় ফোনের অরিজিনাল বা সার্টিফাইড চার্জার ব্যবহার করুন।
> একটানা দীর্ঘক্ষণ গেম খেলা বা ভিডিও দেখা থেকে বিরত থাকুন।
> ভারী গেম খেলার সময় ফোনের ব্যাক কাভার বা কেসটি খুলে রাখুন।
> ফোনের সফটওয়্যার এবং অ্যাপস নিয়মিত আপডেট রাখুন।

যা করবেন না
> চার্জে থাকা অবস্থায় কোনোভাবেই ফোন ব্যবহার করবেন না।
> সরাসরি রোদের মধ্যে বা বন্ধ গাড়িতে ফোন রাখবেন না।
> ফোন গরম হলে তা ঠান্ডা করতে ফ্রিজে বা বরফের সংস্পর্শে রাখবেন না।
> রোদ থেকে এসেই সাথে সাথে ফোন চার্জে দেবেন না।

যদি বুঝতে পারেন ফোনটি অতিরিক্ত গরম হয়ে গেছে, তবে সাথে সাথে সব অ্যাপ বন্ধ করে দিন। সম্ভব হলে ফোনটি কয়েক মিনিটের জন্য ‘এয়ারপ্লেন মোড’ করে রাখুন অথবা সম্পূর্ণ বন্ধ করে একটি ফ্যানের নিচে বা ঠান্ডা স্থানে রাখুন।

স্মার্টফোন গরম হওয়া একটি সাধারণ কারিগরি প্রক্রিয়া হলেও অসচেতনতার কারণে এটি ব্যাটারির ক্ষতি করতে পারে। তাই নিয়মিত ফোনকে বিশ্রাম দিন এবং সঠিক নিয়মে চার্জ করুন। যদি এসব নিয়ম মেনে চলার পরও ফোন প্রতিনিয়ত অতিরিক্ত গরম হতে থাকে, তবে দেরি না করে নিকটস্থ অনুমোদিত কাস্টমার কেয়ার বা দক্ষ টেকনিশিয়ানের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ হবে।