বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর ডিজাইন ইকোসিস্টেমে প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ ও সহায়তা সেবা সম্প্রসারণে সিমেন্স ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ)-এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর বা পরিবেশক হিসেবে স্বীকৃতি পেয়েছে পেন্টা গ্লোবাল লিমিটেড। খবর বাসস।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার লিমিটেডের (এসআইএসডব্লিউ) গ্রাহকদের ইডিএ পণ্য, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা সেবা প্রদানের লক্ষ্যে পেন্টা গ্লোবাল চুক্তিবদ্ধ হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর চিঠির মাধ্যমে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে সিমেন্স। চিপ ডিজাইন, ভেরিফিকেশন ও অ্যাডভান্সড প্যাকেজিংয়ের মতো সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনের বিভিন্ন ধাপে ইডিএ টুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই উদ্যোগের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চিপ ডিজাইন, থ্রিডি-আইসি ও চিপলেট ভিত্তিক ডিজাইন এবং ডিজিটাল টুইন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রে জ্ঞান হস্তান্তর সহজতর হবে, যা স্থানীয় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকে আইপি ও পণ্য তৈরিতে সাহায্য করবে।
পেন্টা গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল জামান বলেন, বাংলাদেশের দক্ষ প্রকৌশলী, বিকাশমান প্রযুক্তি খাত, বিশ্ববিদ্যালয়গুলোর ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং অভিজ্ঞ বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের নিয়ে তৈরি একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। উন্নত প্রযুক্তি, অবকাঠামো, বিনিয়োগ, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বৈশ্বিক বাজারের সঙ্গে এই দক্ষতাগুলোকে যুক্ত করার মাধ্যমে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ডিজাইন, প্রযুক্তি এবং বুদ্ধিবৃত্তিক সম্পদে (আইপি) আরও উচ্চমূল্যের সক্ষমতা অর্জন করতে পারে।
সিমেন্স ইডিএ’র পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার ডেনিস লবজভ বলেন, পেন্টা গ্লোবালকে অনুমোদন দেওয়াটি বাংলাদেশের জন্য আমাদের ‘কান্ট্রি অ্যাজ এ কাস্টমার’ উদ্যোগের একটি কৌশলগত মাইলফলক। সিমেন্সের বৈশ্বিক প্রযুক্তিগত নেতৃত্বকে বাংলাদেশের জাতীয় লক্ষ্যের সঙ্গে যুক্ত করার মাধ্যমে আমরা কেবল একটি বাজারে প্রবেশ করছি না, বরং একেবারে ভিত্তি থেকে একটি টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তুলছি।
তিনি আরও বলেন, এআই, থ্রিডি-আইসি এবং ডিজিটাল টুইন প্রযুক্তিতে উদ্ভাবন ত্বরান্বিত করতে এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে বাংলাদেশ যেন তার যোগ্য স্থান দখল করতে পারে, তা নিশ্চিত করতে স্থানীয় প্রতিভাকে ইডিএ’র অসাধারণ শক্তিতে ক্ষমতায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
অনুমোদিত পরিবেশক হিসেবে পেন্টা গ্লোবাল সিমেন্স ইডিএ প্রযুক্তি ও প্রশিক্ষণের স্থানীয় মাধ্যম হিসেবে কাজ করবে, যা দেশীয় প্রকৌশল মেধা ও সেমিকন্ডাক্টর শিল্পকে বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করবে।
ড্রোন ও ডিজিটাল টুইন প্রযুক্তি: চীনের হাইওয়ে ব্যবস্থাপনায় এআইয়ের বিপ্লব