নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন, স্মার্টওয়াচ ও সফটওয়্যার উন্মোচন করেছে স্যামসাং। গত ২২ জুলাই লন্ডনে আয়োজিত ‘গ্যালাক্সি আনপ্যাক্ট ২০২৬’ ইভেন্টে প্রতিষ্ঠানটি গ্যালাক্সি জি ফোল্ড ৮, গ্যালাক্সি জি ফোল্ড ৮ আলট্রা, গ্যালাক্সি জি ফ্লিপ ৮, গ্যালাক্সি ওয়াচ ৯ সিরিজ, ওয়ান ইউআই ৯ এবং গ্যালাক্সি এআইয়ের নতুন ফিচার তুলে ধরে। একই সঙ্গে অ্যান্ড্রয়েড এক্সআর (এক্সটেন্ডেড রিয়্যালিটি) প্রযুক্তিনির্ভর স্মার্ট গ্লাসেরও ঝলক দেখানো হয়।
স্যামসাং জানিয়েছে, নতুন প্রজন্মের ডিভাইসগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার ওপর জোর দেওয়া হয়েছে।
গ্যালাক্সি জি ফোল্ড ৮ আলট্রা
ইভেন্টের মূল আকর্ষণ ছিল গ্যালাক্সি জি ফোল্ড ৮ আলট্রা। ২১৫ গ্রাম ওজনের এই ডিভাইসটি গ্যালাক্সি সিরিজের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন। ভাঁজ খুললে এর পুরুত্ব মাত্র ৪ দশমিক ১ মিলিমিটার।
ফোনটিতে স্যামসাংয়ের সবচেয়ে বড় ব্যাটারি সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা টানা ২৭ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সুবিধা দেবে। এতে রয়েছে ফ্লেক্স টাইটেনিয়াম প্রযুক্তির অ্যামোলেড ডিসপ্লে, যা আনফোল্ড অবস্থায় ৮ ইঞ্চির ৯:১০ অ্যাসপেক্ট রেশিওর পর্দায় রূপ নেয়।
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। ক্যামেরায় রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রধান সেন্সরের পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। এ ছাড়া এআইভিত্তিক ছবি সম্পাদনা, লাইভ অনুবাদ, মাল্টিটাস্কিং এবং ডকুমেন্টের সারাংশ তৈরির মতো একাধিক সুবিধা যুক্ত করা হয়েছে।
গ্যালাক্সি জি ফোল্ড ৮ আলট্রার ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট সংস্করণের আন্তর্জাতিক মূল্য যথাক্রমে ২ হাজার ৯৯, ২ হাজার ২১৯ এবং ২ হাজার ৪৫৯ মার্কিন ডলার।
গ্যালাক্সি জি ফোল্ড ৮ ও জি ফ্লিপ ৮
ফোল্ড ৮ আলট্রার পাশাপাশি স্যামসাং উন্মোচন করেছে নতুন নকশার গ্যালাক্সি জি ফোল্ড ৮। আগের তুলনায় এটি ছোট ও চওড়া হওয়ায় ভাঁজ অবস্থায় অনেকটা পাসপোর্টের মতো দেখায়।
ফোনটিতে রয়েছে ৭ দশমিক ৬ ইঞ্চির মেইন ডিসপ্লে, ৫ দশমিক ৫ ইঞ্চির কভার স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, ৪ হাজার ৮০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫৬ জিবি থেকে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ। ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা।
গ্যালাক্সি জি ফোল্ড ৮-এর ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট সংস্করণের আন্তর্জাতিক মূল্য যথাক্রমে ১ হাজার ৮৯৯, ২ হাজার ১৯ এবং ২ হাজার ২৫৯ মার্কিন ডলার।
অন্যদিকে গ্যালাক্সি জি ফ্লিপ ৮-এ রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চির মেইন ডিসপ্লে এবং ৪ দশমিক ১ ইঞ্চির ফ্লেক্স উইন্ডো প্রযুক্তির কভার স্ক্রিন। আগের তুলনায় আরও পাতলা ও হালকা এই ফোনেও ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট।
ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেন্সর। ফ্লেক্স উইন্ডো থেকেই এআই সহকারী ব্যবহার, নোটিফিকেশন দেখা, ক্যামেরা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অ্যাপ পরিচালনা করা যাবে।
গ্যালাক্সি জি ফ্লিপ ৮-এর ২৫৬ জিবি সংস্করণের দাম ১ হাজার ১৯৯ মার্কিন ডলার এবং ৫১২ জিবি সংস্করণের দাম ১ হাজার ৩১৯ মার্কিন ডলার।
গ্যালাক্সি ওয়াচ ৯ ও ওয়াচ আলট্রা ২
স্মার্টফোনের পাশাপাশি গ্যালাক্সি ওয়াচ ৯ এবং গ্যালাক্সি ওয়াচ আলট্রা ২ স্মার্টওয়াচও উন্মোচন করেছে স্যামসাং।
দুই মডেলেই রয়েছে স্ন্যাপড্রাগন ওয়্যার এলিট চিপসেট এবং ওয়্যার ওএস ৭-ভিত্তিক ওয়ান ইউআই ৯ ওয়াচ। স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য যুক্ত হয়েছে হার্ট হেলথ স্কোর, ডেইলি কার্ডিও লোড, উন্নত ঘুম বিশ্লেষণ, স্লিপ অ্যাপনিয়া শনাক্তকরণ এবং নতুন বায়োঅ্যাকটিভ সেন্সর।
এ ছাড়া জেমিনাই এআই সমর্থনের মাধ্যমে কণ্ঠস্বর ব্যবহার করে বার্তা পাঠানো, তথ্য অনুসন্ধানসহ বিভিন্ন কাজ করা যাবে।
গ্যালাক্সি ওয়াচ ৯ পাওয়া যাবে ৪০ ও ৪৪ মিলিমিটার—দুটি আকারে। অন্যদিকে আউটডোর ব্যবহারকারীদের জন্য তৈরি ওয়াচ আলট্রা ২-এ রয়েছে ৮০০ এমএএইচ ব্যাটারি, সর্বোচ্চ ৫ হাজার নিটস উজ্জ্বলতার ডিসপ্লে, টাইটেনিয়াম বডি, উন্নত জিপিএস ট্র্যাকিং, ট্রেইল রান, হাইড্রেশন ট্র্যাকিং এবং ডাইভিংয়ের জন্য বিশেষ অ্যাপ। স্বাস্থ্য ও ফিটনেস–সংক্রান্ত তথ্য বিশ্লেষণে স্যামসাং হেলথের সঙ্গেও এআই সমন্বয় করা হয়েছে।
গ্যালাক্সি ওয়াচ ৯-এর ৪০ মিলিমিটার ব্লুটুথ, ৪০ মিলিমিটার এলটিই, ৪৪ মিলিমিটার ব্লুটুথ এবং ৪৪ মিলিমিটার এলটিই সংস্করণের আন্তর্জাতিক মূল্য যথাক্রমে ৩৭৯, ৪২৯, ৪০৯ ও ৪৫৯ মার্কিন ডলার। আর ৪৭ মিলিমিটার এলটিই সংস্করণের গ্যালাক্সি ওয়াচ আলট্রা ২-এর দাম ৬৯৯ মার্কিন ডলার।
ওয়ান ইউআই ৯, গ্যালাক্সি এআই ও এক্সআর
ইভেন্টে অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক ওয়ান ইউআই ৯ উন্মোচন করেছে স্যামসাং। নতুন সংস্করণে গ্যালাক্সি এআইকে অপারেটিং সিস্টেমজুড়ে আরও বিস্তৃত করা হয়েছে। এতে রয়েছে উন্নত নাও ব্রিফ, নাও বার, মাল্টিমোডাল জেমিনাই এআই সহায়তা, স্মার্ট লেখালেখি, রিয়েল-টাইম অনুবাদ, স্ক্রিনভিত্তিক এআই সহায়তা এবং একাধিক অ্যাপে সমন্বিত এআই সুবিধা।
ইভেন্টের অন্যতম আলোচিত ঘোষণা ছিল অ্যান্ড্রয়েড এক্সআরভিত্তিক নতুন স্মার্ট আইওয়্যারের ঝলক। গুগলের সঙ্গে যৌথভাবে এই এক্সআর প্ল্যাটফর্ম তৈরি করছে স্যামসাং। প্রতিষ্ঠানটি জানায়, জেন্টল মনস্টার ও ওয়ারবি পার্কারের সঙ্গে যৌথ উদ্যোগে এআইচালিত স্মার্ট চশমা বাজারে আনার প্রস্তুতি চলছে।
এই স্মার্ট আইওয়্যারে থাকবে ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার এবং জেমিনাই এআই সমর্থন। ফলে ব্যবহারকারীরা কণ্ঠস্বরের মাধ্যমে তথ্য অনুসন্ধান, দিকনির্দেশনা পাওয়া, বার্তার উত্তর দেওয়া, রিয়েল-টাইম অনুবাদ এবং আশপাশের বস্তু শনাক্ত করার মতো কাজ করতে পারবেন।
তবে ডিভাইসটির পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন, মূল্য কিংবা বাজারে আসার সময় এখনও জানানো হয়নি। স্যামসাং জানিয়েছে, এটি ভবিষ্যতের গ্যালাক্সি এআই ইকোসিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হবে।
ইভেন্টে উন্মোচিত সব ডিভাইসের প্রি-অর্ডার ২২ জুলাই থেকেই শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে এগুলো পাওয়া যাবে আগামী ৭ আগস্ট থেকে।