হোয়াটসঅ্যাপে নতুন চমক, ব্রাউজারেই অডিও-ভিডিও কল সুবিধা

আলাদা কোনও অ্যাপ ইনস্টল না করেই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার নতুন সুবিধা চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

মঙ্গলবার (২৮ জুলাই) মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি বৈশ্বিক ব্যবহারকারীদের জন্য নতুন এই ফিচারটি উন্মুক্ত করে।

এখন থেকে ওয়েব ব্রাউজারেই সরাসরি কল করা ও গ্রহণ করা যাবে। ফলে ডেস্কটপ বা ল্যাপটপে আলাদা অ্যাপ ডাউনলোডের ঝামেলা থাকছে না।

হোয়াটসঅ্যাপ এক ব্লগ পোস্টে জানায়, ব্যবহারকারীদের সুবিধার্থে এবং বিভিন্ন ডিভাইসে যোগাযোগ আরও নিরবচ্ছিন্ন করতে এই পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে অফিসের কম্পিউটারে যাদের নতুন অ্যাপ ইনস্টল করার অনুমতি থাকে না কিংবা যারা শেয়ার করা ডিভাইস ব্যবহার করেন, তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন।

নতুন এই ওয়েব কলিং সুবিধায় একক কথোপকথনের পাশাপাশি গ্রুপ কলও করা যাবে। এছাড়া স্ক্রিন শেয়ারিং, রিয়্যাকশন এবং কল হিস্ট্রি দেখার জন্য এতে যুক্ত করা হয়েছে আলাদা ‘কলস’ ট্যাব।

একইসঙ্গে চালু করা হয়েছে ‘কল ট্রান্সফার’ ফিচার। এর ফলে চলমান কোনো গ্রুপ কল না কেটেও মোবাইল ফোন থেকে সরাসরি ডেস্কটপে স্থানান্তর করে নেওয়া যাবে।

গ্রুপ কলের নিরাপত্তা বাড়াতে যোগ হয়েছে ‘ওয়েটিং রুম’ সুবিধা। কল হোস্ট বা আয়োজক চাইলে ‘রিক্যুয়ার অ্যাপ্রোভাল টু জয়েন‘ অপশন চালু রাখতে পারবেন। এতে লিংকে ক্লিক করা নতুন অংশগ্রহণকারীরা সরাসরি যুক্ত না হয়ে অপেক্ষাকক্ষে থাকবেন এবং আয়োজক অনুমোদন দিলেই কলে যোগ দিতে পারবেন।

ভিডিও ও সাউন্ডের মান বাড়াতে যুক্ত করা হয়েছে ‘কুইক এইচডি’ ও ‘নয়েস সাপ্রেসন’ প্রযুক্তি। এর মাধ্যমে কল শুরুর পরপরই উচ্চমানের ভিডিও পাওয়া যাবে এবং কোলাহলপূর্ণ পরিবেশেও আশপাশের অপ্রয়োজনীয় শব্দ আটকে কণ্ঠ পরিষ্কার শোনা যাবে।

মেটা জানিয়েছে, বিশ্বজুড়ে ধাপে ধাপে সব ব্যবহারকারীর কাছে নতুন এই আপডেটগুলো পৌঁছে দেওয়া হচ্ছে।

সূত্র: এনডিটিভি