কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে চলমান উদ্বেগ ও বিতর্কের মধ্যেই আবারও সতর্ক করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর দাবি, উন্নত এআই ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হয়ে উঠতে পারে। সম্প্রতি এআই গবেষকদের নতুন কিছু সতর্কবার্তায় প্রযুক্তিটির নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা সামনে আসার পর পুরোনো এই মন্তব্যটি আবারও আলোচনায় এসেছে।
গত ১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ২০১৪ সালের নিজের একটি পোস্ট পুনরায় প্রকাশ করেন মাস্ক। সেখানে তিনি লিখেছিলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন। এটি পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হয়ে উঠতে পারে।’ পুরোনো পোস্টটি শেয়ার করে এবার তিনি শুধু লিখেছেন, ‘১২ বছর আগে’। অর্থাৎ, এক যুগ পরও এ বিষয়ে তার আশঙ্কা বদলায়নি।
২০১৪ সালে প্রখ্যাত সুইডিশ দার্শনিক ও চিন্তাবিদ নিক বোস্ট্রমের ‘সুপারইন্টেলিজেন্স’ বই পড়ার পর এআই নিয়ে সকলকে সতর্ক করতে শুরু করেন মাস্ক। একই বছর এমআইটির এক অনুষ্ঠানে এআইকে মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। পরবর্তী সময়ে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ উৎসবে বক্তব্য দেওয়ার সময়ও এআইকে ‘পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক’ বলে মন্তব্য করেন।
মাস্কের পুরোনো বক্তব্য নতুন করে আলোচনায় আসার পেছনে বড় কারণ এআই গবেষক জ্যাকব কক্সনের সাম্প্রতিক সতর্কবার্তা। এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকে প্রায় তিন বছর কাজ করার পর সম্প্রতি তার পদত্যাগের সিদ্ধান্ত প্রযুক্তি অঙ্গনে এআইয়ের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তিনি বলেন, এআই নিয়ে কাজ করা অনেক গবেষক ও কর্মী প্রযুক্তিটির দ্রুত অগ্রগতি নিয়ে সত্যিই আতঙ্কিত এবং আগামী দুই বছরে এর সম্ভাব্য প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তার ভাষ্য, ‘এআইয়ের উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে আমরা সবাই মারা যেতে পারি।’
কক্সনের অভিযোগ, অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী এআই তৈরির প্রতিযোগিতায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও সম্ভাব্য বিপদের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর এআইয়ের উন্নয়নের গতি কমানো এবং আরও কঠোর নিরাপত্তাব্যবস্থার দাবি নতুন করে জোরালো হয়।
কক্সনের বক্তব্যের পর অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোডেইও এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন। ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং মাস্কও তার অবস্থানকে সমর্থন করেছেন। একই সময়ে অ্যানথ্রপিকের গবেষক ইভান হাবিঙ্গার দাবি করেছেন, আগামী এক দশকে এআইয়ের কারণে মানবজাতির বিলুপ্তির আশঙ্কা ১০ শতাংশের বেশি বলে তিনি মনে করেন।
ফলে মাস্কের এক যুগ আগের সতর্কবার্তাকে এখন আর নিছক ভবিষ্যৎ আশঙ্কা হিসেবে দেখার সুযোগ নেই। এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি, গবেষকদের সতর্কতা এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যেও নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ সেই বক্তব্যকে নতুন করে প্রাসঙ্গিক করে তুলেছে।









