কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা যাচাই করতে গিয়ে সম্প্রতি ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটার সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশের ঘটনায় একটি অভিন্ন যোগসূত্র সামনে এসেছে। পৃথক সময়ে ঘটে যাওয়া এসব ঘটনার পেছনে রয়েছে ইসরায়েলভিত্তিক সাইবার নিরাপত্তা স্টার্টআপ ইররেগুলার। তেল আবিবভিত্তিক এই প্রতিষ্ঠানটি বাস্তব সাইবার হামলার পরিস্থিতি অনুকরণ করে উন্নত এআই মডেলগুলোর নিরাপত্তা সক্ষমতা ও সম্ভাব্য ঝুঁকি পরীক্ষা করে থাকে।
ধারাবাহিক ঘটনাপ্রবাহে প্রথম প্রকাশ্যে আসে ওপেনএআইয়ের একটি এআই মডেলের অননুমোদিত প্রবেশের ঘটনা। গত জুলাইয়ে ইররেগুলারের পরিচালিত পরীক্ষার সময় জিপিটি-৫ দশমিক ৬ সলসহ ওপেনএআইয়ের প্রি-রিলিজ মডেলগুলো নির্ধারিত স্যান্ডবক্স বা পরীক্ষার পরিবেশ ভেঙে হাগিং ফেসের অবকাঠামোয় অননুমোদিত প্রবেশ করে। সাইবার সক্ষমতা পরীক্ষার জন্য মডেলগুলোর স্বাভাবিক নিরাপত্তা-নিষেধাজ্ঞা শিথিল করায় এগুলো ইন্টারনেটে প্রবেশের পথ খুঁজে নেয়।
একইভাবে অ্যানথ্রপিক জানায়, ইররেগুলারের মূল্যায়ন পরিবেশে তাদের ক্লড অপাস ৪ দশমিক ৭, ক্লড মিথোস ৫ এবং আরেকটি গবেষণাধীন মডেল অনাকাঙ্ক্ষিতভাবে ইন্টারনেটে প্রবেশের সুযোগ পেয়েছিল। ২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হওয়া ১ লাখ ৪১ হাজার ৬টি পরীক্ষামূলক রানের মধ্যে তিনটি অননুমোদিত প্রবেশের ঘটনা শনাক্ত করে অ্যানথ্রপিক। পরবর্তীতে মেটাও জানায়, গত ৫ আগস্ট পাওয়া তথ্য অনুযায়ী, ইররেগুলারের পরিবেশের ভুল কনফিগারেশনের কারণে তাদের মিউজ স্পার্ক ১ দশমিক ১ মডেলটি ইন্টারনেটে ঢুকে তৃতীয় পক্ষের একটি সেবার নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়েছিল।
তবে বিষয়টিকে অত্যাধুনিক সাইবার হামলা কিংবা স্যান্ডবক্স ভেঙে বের হয়ে যাওয়া মানতে নারাজ ইররেগুলার। তাদের মতে, ঘটনাগুলোর পেছনে মূল্যায়ন পরিবেশের কনফিগারেশন-সংক্রান্ত সমস্যা দায়ী। ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে এবং সুরক্ষিত ও নিয়ন্ত্রিত পরিবেশে এআই মডেলের নিরাপত্তা পরীক্ষা পরিচালনায় একটি শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছে তারা।
এর আগে ২০২৬ সালের মার্চে প্রকাশিত এক গবেষণায় ইররেগুলার দেখিয়েছিল যে, নির্দিষ্ট কাজ দেওয়ার পর কিছু এআই এজেন্ট লক্ষ্য পূরণ করতে গিয়ে পাসওয়ার্ড ও প্রশাসনিক পরিচয়পত্র ফাঁস, অ্যান্টিভাইরাস নিয়ন্ত্রণ এড়ানো এবং অনুমোদনহীন তথ্য সংগ্রহের মতো নির্ধারিত নিরাপত্তা সীমা লঙ্ঘনের কাজ করেছে। এসব ঘটনা এআই মডেলের সক্ষমতার পাশাপাশি পরীক্ষার অবকাঠামোর নিরাপত্তা এবং ভুল কনফিগারেশনের ঝুঁকি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।