এআই কি ক্যাপচা সমাধান করতে পারে?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক মডেলগুলোর দ্রুত উন্নয়ন এখন ছবি, লেখা, শব্দ ও যুক্তিনির্ভর বিভিন্ন পরীক্ষা বিশ্লেষণ করে অনেক ধরনের ক্যাপচা সমাধানের সক্ষমতা দিয়েছে। মানুষের বদলে স্বয়ংক্রিয় বট ওয়েবসাইট ব্যবহার করছে কি না, তা শনাক্ত করতে ব্যবহৃত এই প্রযুক্তি তাই আগের তুলনায় আরও জটিল হয়ে উঠছে দিন দিন। ফলে ক্যাপচা প্রযুক্তির উন্নয়নে সব ধরনের পরীক্ষায় এআই এখন আর ধারাবাহিক সফলতা পাচ্ছে না।

টেক্সটভিত্তিক ক্যাপচায় বিকৃত অক্ষর ও সংখ্যা শনাক্ত করতে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) ব্যবহার করা যায়। ছবিভিত্তিক ক্যাপচায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন বস্তু, যানবাহন বা নির্দিষ্ট দৃশ্য শনাক্ত করতে পারে। অডিও ক্যাপচায় শব্দকে লেখায় রূপান্তরের প্রযুক্তি এবং যুক্তিভিত্তিক ক্যাপচায় নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়ম শনাক্ত করার সক্ষমতাও কাজে লাগানো সম্ভব। এমনকি ২০২৪ সালে প্রকাশিত একটি গবেষণায় ট্রাফিক-সংক্রান্ত ছবিভিত্তিক ক্যাপচা এআই দিয়ে ১০০ শতাংশ সফলভাবে সমাধানের উদাহরণ পাওয়া যায়।

তবে আধুনিক ক্যাপচা ব্যবস্থা শুধু একটি ছবি বা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ওপর নির্ভর করে না। গুগলের ‘আরই ক্যাপচা ভি৩’ ও ‘ক্লাউডফ্লেয়ার টার্নস্টাইল’- এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহারকারীর মাউসের গতিবিধি, টাইপ করার ধরন, ব্রাউজিং আচরণ, ডিভাইসের বৈশিষ্ট্যসহ বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে ঝুঁকি নির্ধারণ করতে পারে। সন্দেহজনক আচরণ দেখা গেলে ব্যবহারকারীকে অতিরিক্ত যাচাইয়ের মধ্যেও যেতে হতে পারে। অর্থাৎ, এ ধরনের ব্যবস্থায় ক্যাপচা সমাধানের পাশাপাশি ব্যবহারকারীর সূক্ষ্ম আচরণ ও গতিবিধিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এর একটি সাম্প্রতিক উদাহরণ দেখা গেছে অ্যানথ্রপিকের ক্লড মিথোস ৫ মডেলের কার্যক্রমে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম গিজমোডোর প্রতিবেদনে প্রকাশিত এক হাজারের বেশি পৃষ্ঠার কার্যক্রমের ট্রান্সক্রিপ্টে দেখা যায়, পাইথন প্যাকেজ ইন্ডেক্সে  একটি ক্ষতিকর প্যাকেজ আপলোডের চেষ্টা চালানোর সময় মডেলটি একাধিক ক্যাপচায় আটকে যায়। একটি ছবিভিত্তিক পরীক্ষায় বিভিন্ন আকৃতির ছবি শনাক্ত করার সময় মডেলটি বারবার নিজের সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে। ক্যাপচা সমাধানের চেষ্টায় বিপুল পরিমাণ টোকেন ব্যবহৃত হয় এবং একটি পর্যায়ে ক্যাপচাটির মেয়াদও শেষ হয়ে যায়। মডেলটি নতুন উইন্ডোতে পরীক্ষা খোলার বিষয়টিও তাৎক্ষণিকভাবে বুঝতে পারেনি।

ক্যাপচা সমাধানে এআই কতটা সফল হবে, তা মূলত নির্ভর করে ব্যবহৃত যাচাই-প্রক্রিয়ার ধরন ও জটিলতার ওপর। সহজ, স্থির ও দৃশ্যভিত্তিক অনেক ক্যাপচা এআইয়ের পক্ষে সমাধান করা সম্ভব হলেও আচরণ বিশ্লেষণ, ঝুঁকি শনাক্তকরণ ও পরিবর্তনশীল যাচাই-প্রক্রিয়ার ওপর নির্ভরশীল আধুনিক ক্যাপচা এখনো বড় চ্যালেঞ্জ তৈরি করছে। একই সঙ্গে এআইয়ের সক্ষমতা বাড়ার সঙ্গে ক্যাপচা ব্যবস্থাও আরও অভিযোজিত হওয়ায়, এআই ও ক্যাপচা প্রযুক্তির মধ্যে প্রতিযোগিতাও ক্রমেই জটিল হয়ে উঠছে।