বর্তমানের স্মার্টফোনে উন্নত ক্যামেরা প্রযুক্তি যুক্ত হলেও প্রত্যাশা অনুযায়ী মানসম্মত ছবি তোলার জন্য শুধু ক্যামেরার হার্ডওয়্যারই যথেষ্ট নয়। আলো, ফোকাস, জুম, ক্যামেরা সেটিংস এবং ফোন স্থির রাখার মতো কিছু বিষয় ঠিকভাবে ব্যবহার করতে পারলে স্বল্প সক্ষমতার ক্যামেরার ফোনেও ভালো মানের ছবি পাওয়া সম্ভব।
১. ক্যামেরার লেন্স পরিষ্কার রাখুন
লেন্সে জমে থাকা ধুলো, আঙুলের ছাপ বা তেল ছবিকে ঝাপসা ও ঘোলাটে করে দিতে পারে। ছবি তোলার আগে নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতো করে লেন্স পরিষ্কার করলে আলো ক্যামেরায় স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারে এবং ছবির স্পষ্টতা বাড়ে।
২. ডিজিটাল জুম এড়িয়ে চলুন
ডিজিটাল জুম মূলত ছবির একটি অংশ বড় করে দেখায়, ফলে ছবির রেজোলিউশন বা সূক্ষ্ম ডিটেইল কমে গিয়ে ছবি ঝাপসা বা পিক্সেলেটেড হতে পারে। ফোনে আলাদা টেলিফটো ক্যামেরা থাকলে সেটির নির্দিষ্ট জুম ব্যবহার করা ভালো। তবে যথাসম্ভব জুম না করেই সাবজেক্ট বা অবজেক্টের কাছে গিয়ে ছবি তোলাই সবচেয়ে ভালো ফল দিতে পারে।
৩. আলোকে গুরুত্ব দিন
ছবির মানের ওপর আলোর প্রভাব সবচেয়ে বেশি। দিনের প্রাকৃতিক আলো ব্যবহার করলে সাধারণত ছবিতে বেশি ডিটেইল ও স্বাভাবিক রং পাওয়া যায়। বিশেষ করে জানালার কাছাকাছি বা বাইরে সফট লাইটে ছবি তুললে ভালো ফল পাওয়া যায়। উজ্জ্বল সূর্যের আলোতে সরাসরি ছবি তোলার বদলে ছায়াযুক্ত স্থান ব্যবহার করলে সাবজেক্টের ওপর অতিরিক্ত ছায়া কমে ও ছবি বার্ন হওয়ার সম্ভাবনা কমে। এছাড়াও অল্প আলোতে ছবি তুললে ক্যামেরার আইএসও বাড়িয়ে ছবিকে উজ্জ্বল করা যায়, তবে অতিরিক্ত আইএসও ব্যবহারে ছবিতে নয়েজ বাড়ে।
৪. ফোকাস ও এক্সপোজার ঠিক করুন
ছবি তোলার আগে পর্দায় যে বিষয়টি স্পষ্ট রাখতে চান, সেখানে ট্যাপ করে ফোকাস ঠিক করা যায়। অনেক ফোনে ওই জায়গায় কিছুক্ষণ চেপে রাখলে ফোকাস ও এক্সপোজার লক করার সুবিধাও পাওয়া যায়। এতে ক্যামেরা বারবার ফোকাস বা আলোর মাত্রা পরিবর্তন করে ছবির মান নষ্ট করার ঝুঁকি কমে।
৫. অনুপাত কেমন হবে
স্মার্টফোনের ক্যামেরায় ১৬:৯ অনুপাত বেছে নিলে অনেক ক্ষেত্রে সেন্সরের পুরো অংশ ব্যবহার না করে ছবি কেটে নেওয়া হয়। তাই সর্বোচ্চ ফ্রেম ও ডিটেইল ধরে রাখতে সাধারণ ছবির ক্ষেত্রে ৪:৩ অনুপাত ব্যবহার করা ভালো। পরে প্রয়োজন হলে ছবি কেটে পছন্দমতো আকার দেওয়া যায়।
৬. গ্রিডলাইন চালু করুন
ক্যামেরার সেটিংস থেকে গ্রিডলাইন চালু করলে ছবি তোলার সময় বিষয়বস্তু সঠিক জায়গায় রাখা এবং হরাইজোন লাইন সোজা রাখা সহজ হয়। বিশেষ করে ‘রুল অব থার্ডস’ অনুসরণ করে ছবির গুরুত্বপূর্ণ বিষয়গুলো গ্রিডের সংযোগস্থলের কাছে রাখলে ছবির কম্পোজিশন হয় দৃষ্টিনন্দন।
৭. ফোন স্থির রাখুন
অল্প আলোতে ছবি তোলার সময় ক্যামেরা বেশি সময় ধরে আলো সংগ্রহ করতে তুলনামূলক ধীর শাটার স্পিড ব্যবহার করে। এ সময় ফোন সামান্য নড়লেও ছবি ঝাপসা হয়ে যেতে পারে। তাই কম আলোতে ছবি তোলার সময় ফোন স্থির রাখতে ট্রাইপড বা কোনো শক্ত সমতল জায়গা ব্যবহার করা ভালো।
৮. ক্যামেরা ও ফোনের সফটওয়্যার হালনাগাদ রাখুন
ক্যামেরার মান শুধু হার্ডওয়্যারের ওপর নির্ভর করে না। সফটওয়্যার আপডেটের মাধ্যমে ক্যামেরার অটোফোকাস, কম আলোতে ছবি প্রক্রিয়াকরণ, রং ও অন্যান্য কম্পিউটেশনাল ফটোগ্রাফি সুবিধায় উন্নতি আসতে পারে। তাই ফোনের অপারেটিং সিস্টেমের পাশাপাশি ক্যামেরা অ্যাপও নিয়মিত হালনাগাদ রাখা উচিত।