আমাদের সকলের ফোনে থাকা ব্লুটুথ প্রযুক্তিতে তথ্য আদান-প্রদানের গতি প্রায় চার গুণ বাড়াতে নতুন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। আগামী বছর চালু হতে যাওয়া ‘হাই ডেটা থ্রুপুট’ (এইচডিটি) প্রযুক্তির মাধ্যমে ব্লুটুথ লো এনার্জি (এলই) সংযোগে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৭.৫ মেগাবিট গতিতে তথ্য স্থানান্তর করা যাবে, যা বর্তমান সর্বোচ্চ গতির তুলনায় প্রায় চার গুণ বেশি। এতে তারবিহীন হেডফোনে উচ্চমানের লসলেস অডিও শোনার পাশাপাশি স্মার্টওয়াচ, স্মার্ট গ্লাস ও অন্যান্য সংযুক্ত যন্ত্রে দ্রুত তথ্য আদান-প্রদানের সুযোগ তৈরি হবে।
বর্তমানে ব্লুটুথ এলই সংযোগে তথ্য স্থানান্তরের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে ২ মেগাবিট। নতুন এইচডিটি প্রযুক্তিতে তা বেড়ে ৭ দশমিক ৫ মেগাবিট হবে। ব্লুটুথ কোর স্পেসিফিকেশন ৭.০-এর ঐচ্ছিক সুবিধা হিসেবে যুক্ত হয়েছে প্রযুক্তিটি। ফলে নির্মাতারা চাইলে নতুন যন্ত্রে এটি যুক্ত করতে পারবেন। তবে প্রযুক্তিটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট যন্ত্রে উপযোগী হার্ডওয়্যারও থাকতে হবে।
নতুন এই প্রযুক্তির অন্যতম লক্ষ্য তারবিহীন অডিওর মান উন্নত করা। বর্তমানে ব্লুটুথ সংযোগে উচ্চমানের লসলেস অডিও সরাসরি পাঠানোর ক্ষেত্রে ডেটা স্থানান্তরের গতি একটি বড় সীমাবদ্ধতা। এইচডিটি প্রযুক্তি চালু হলে অডিওর মূল মান অক্ষুণ্ন রেখে তারবিহীন হেডফোন ও স্পিকারে গান শোনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি মাল্টিচ্যানেল সারাউন্ড সাউন্ড এবং স্পেশাল অডিও ব্যবহারের ক্ষেত্রেও পাওয়া যাবে বাড়তি সুবিধা। আগামী বছর থেকে প্রিমিয়াম তারবিহীন অডিও যন্ত্রে এ প্রযুক্তির ব্যবহার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অডিওর পাশাপাশি স্মার্টওয়াচ, স্মার্ট গ্লাস ও অন্যান্য পরিধানযোগ্য যন্ত্রের মধ্যেও দ্রুত তথ্য আদান-প্রদান করা যাবে এই প্রযুক্তির কল্যাণে। যেমন স্মার্টওয়াচে সংগৃহীত স্বাস্থ্য ও শরীরচর্চার তথ্য আরও দ্রুত স্মার্টফোনে পাঠানো সম্ভব হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা থাকা স্মার্ট গ্লাসের সঙ্গে ফোনের সংযোগেও বাড়তি গতি পাওয়া যাবে। এ ছাড়া স্মার্ট হোম ডিভাইসের মধ্যে তথ্য সমন্বয় এবং বিভিন্ন যন্ত্রের সফটওয়্যার হালনাগাদ করার কাজও দ্রুত সম্পন্ন করা যাবে।
তবে নতুন সুবিধা পেতে হলে স্মার্টফোন ও হেডফোন, দুই যন্ত্রেই এইচডিটি প্রযুক্তির সমর্থন থাকতে হবে। শুধু সফটওয়্যার আপডেটের মাধ্যমে পুরোনো যন্ত্রে এ সুবিধা যুক্ত করা যাবে না। নতুন প্রযুক্তি পুরোনো ব্লুটুথ যন্ত্রের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারলেও উভয় যন্ত্রে এইচডিটি সমর্থন না থাকলে বাড়তি গতির সুবিধাটি পাওয়া যাবে না। ফলে ২০২৭ সালে নতুন প্রযুক্তিসমর্থিত যন্ত্র বাজারে আসার পরই ব্যবহারকারীরা এর সুবিধা নিতে পারবেন।
স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে অপরিচিত ভাষা অনুবাদ করবেন যেভাবে
এবার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মেটার