প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা

ছয় ফুট উচ্চতার হিউম্যানয়েড রোবটকে এবার সরাসরি লড়াইয়ের রিংয়ে মানুষের প্রতিপক্ষ হিসেবে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে আয়োজিত এই প্রদর্শনীতে ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট নির্মাতা ফ্র্যাঙ্কি লাপেনা ‘রেকবট’ নামে একটি হিউম্যানয়েড রোবটের সঙ্গে লড়াই করেন। মার্কিন রোবোটিকস প্রতিষ্ঠান আরইকে আয়োজনটিকে বিশ্বের প্রথম মানব বনাম হিউম্যানয়েড রোবট লড়াই হিসেবে তুলে ধরেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সুরক্ষা সরঞ্জাম পরা লাপেনা একটি লড়াইয়ের খাঁচায় রোবটটির মুখোমুখি দাঁড়িয়েছেন। শুরুতে তিনি কয়েকবার ঘুষি দিয়ে রোবটটিকে আঘাত করার চেষ্টা করেন। জবাবে রোবটটি ঘুষি ও লাথি দিয়ে পাল্টা আক্রমণ চালায়। একপর্যায়ে রোবটটির একটি শক্তিশালী লাথির আঘাতে লাপেনা রিংয়ের মেঝেতে পড়ে যান। ভিডিওটি ওই পর্যায়েই শেষ হয়ে যায়। 

আরইকে পরে জানিয়েছে, লড়াইয়ে রোবটটি লাপেনাকে পরাজিত করেছে এবং এ ঘটনার আরও ভিডিও প্রকাশ করা হবে।

তবে পরবর্তী সময়ে প্রকাশিত আরও একটি ভিডিও থেকে জানা যায়, লাপেনা ওইদিন শুধু একটি রোবটের সঙ্গে লড়াই করেননি। তিনি মোট তিনটি রোবটের মুখোমুখি হয়েছিলেন। প্রথমে ছোট আকারের ‘ইউনিট্রি জি১’ রোবটের সঙ্গে লড়াই করেন তিনি। এরপর প্রায় ছয় ফুট উচ্চতার দুটি মডিফাইড ‘ইঞ্জিনএআই টি৮০০’ রোবটের সঙ্গে লড়াই হয়। আরইকের প্রধান নির্বাহী সিক্স লিভের দাবি, প্রথম বড় রোবটটির সঙ্গে লড়াইয়ে লাপেনা পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়িয়ে রোবটটিকে ভারসাম্য হারাতে বাধ্য করেন এবং শেষ পর্যন্ত সেটির মাথা খুলে ফেলেন।

লড়াইয়ে ব্যবহৃত বড় রোবটগুলো ইঞ্জিনএআইয়ের টি৮০০ মডেলের মডিফাইড সংস্করণ। রোবটগুলোর মাথা পরিবর্তন করে ‘দ্য টার্মিনেটর’ চলচ্চিত্রের টি৮০০ চরিত্রের আদল দেওয়া হয়েছে। আরইকের দাবি, রোবটগুলো সর্বোচ্চ প্রায় ৮৫০ পাউন্ড শক্তিতে কিক করতে সক্ষম। ভিডিওতে রোবটগুলোর রিংয়ে চলাফেরা, ভারসাম্য বজায় রাখা, ঘুষি ও কিক দেওয়ার মতো শারীরিক গতিবিধি দেখা যায়।

তবে ভিডিও দেখে এটিকে স্বয়ংক্রিয় এআই রোবট বনাম মানুষের লড়াই মনে হলেও বাস্তবে রোবটগুলো নিজে সিদ্ধান্ত নিয়ে লড়াই করেনি। আরইকের তৈরি ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) কমব্যাট গেমের অংশ হিসেবে রোবটগুলোকে একজন মানুষ দূর থেকে নিয়ন্ত্রণ করছিলেন। অর্থাৎ রোবটের নড়াচড়া ও আক্রমণ ছিল সম্পূর্ণরূপে মানব নিয়ন্ত্রিত। 

অনলাইনে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কেউ এটিকে ভবিষ্যতের নতুন ধরনের ক্রীড়া বা বিনোদনের নতুন মাধ্যম হিসেবে দেখছেন, আবার কেউ রোবটের শক্তিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পেশাদার বক্সারের সঙ্গে এমন লড়াই দেখার আগ্রহ জানিয়েছেন, আবার কেউ কেউ ভিডিওটিকে ‘টার্মিনেটর’ চলচ্চিত্রের দৃশ্যের সঙ্গে তুলনা করে রসিকতা করেছেন।