যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে

স্মার্টফোনের নিরাপত্তায় ফেস আইডি এখন বহুল ব্যবহৃত একটি প্রযুক্তি। ব্যবহারকারীর মুখের বৈশিষ্ট্য শনাক্ত করে দ্রুত ফোন আনলক করা, পরিচয় যাচাই এবং বিভিন্ন কাজের অনুমোদন দেয় এই প্রযুক্তি।

ফেস আইডি ব্যবহারকারীর মুখের একটি ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে। এ জন্য ইনফ্রারেড প্রযুক্তি ও বিশেষ সেন্সর ব্যবহার করা হয়। ফলে কম আলো বা অন্ধকার পরিবেশেও মুখ শনাক্ত করতে পারে এটি।

প্রথমবার ফেস আইডি সেটআপ করার সময় ব্যবহারকারীকে বিভিন্ন দিকে মুখ ঘোরাতে বলা হয়। এ সময় ফোন ব্যবহারকারীর মুখের গঠন ও বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করে একটি গাণিতিক উপস্থাপন তৈরি করে। পরে প্রতিবার ফোনের দিকে তাকালে নতুন করে পাওয়া তথ্যের সঙ্গে সংরক্ষিত তথ্য মিলিয়ে দেখা হয়।

ফেস আইডি শুধু সাধারণ ছবি দেখে মুখ শনাক্ত করে না। ত্রিমাত্রিক তথ্য ব্যবহার করায় ছবি দেখিয়ে ফোন আনলক করার মতো প্রতারণা ঠেকানো সম্ভব হয়। ব্যবহারকারীর চেহারায় দাড়ি, গোঁফ বা চশমার মতো পরিবর্তন এলেও প্রযুক্তিটি সাধারণত মুখ শনাক্ত করতে পারে।

ফেস আইডির মাধ্যমে ফোন আনলক ছাড়াও বিভিন্ন অ্যাপ ও সেবা যেমন এনআইডি, পাসপোর্টের পরিচয় যাচাই করা যায়। ফলে পাসওয়ার্ড বা পিন বারবার ব্যবহারের প্রয়োজন কমে যায়।

ব্যবহারকারীর মুখের শনাক্তকরণ তথ্য ডিভাইসেই সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়। ফলে ফেস আইডি শুধু দ্রুত ফোন আনলকের সুবিধাই দেয় না, ব্যক্তিগত তথ্য সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র: রেলিএবল