আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির নির্দিষ্ট লোকেশন বা অবস্থান জানার একমাত্র উপায় ছিল ছবির সাথে যুক্ত করা সংশ্লিষ্ট তথ্যাদি। তবে সাম্প্রতিক সময়ে কিছু অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ছবিতে অবস্থান বা ব্যবহারকারীর পর্যাপ্ত তথ্য দেওয়া না থাকলেও, ছবির নির্দিষ্ট বৈশিষ্ট্য বিশ্লেষণ করেই ছবির অবস্থান বের করতে পারে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাক্তিগত ছবি প্রকাশের ফলে অজান্তেই নিজের অবস্থান বা ভ্রমণের তথ্য প্রকাশ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি ল্যাবসের গবেষণায় ২১ হাজার ২৩৬টি প্রকাশ্য ভ্রমণসংক্রান্ত ছবি ব্যবহার করে দুটি এআই মডেলের সক্ষমতা পরীক্ষা করা হয়। এর মধ্যে গুগলের জেমা ৩, ২৭বি মডেল ছবির শহর ও দেশ ৮৭ শতাংশ ক্ষেত্রে সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে। অন্যদিকে, আলিবাবার কিউয়েন ৩ ভিএল ৩০বি মডেলটির নির্ভুলতা ছিল ৯১ শতাংশ। পরীক্ষায় মডেলগুলোকে ছবির দৃশ্যমান উপাদান বিশ্লেষণ করে কোথায় ছবিটি তোলা হয়েছে, তা শনাক্ত করতে বলা হয়। এই পরীক্ষায় ছবির জিপিএস, এক্সিফ মেটাডেটা কিংবা ফাইলের নামের কোনও তথ্যই ব্যবহার করা হয়নি।
ছবিতে থাকা অবকাঠামোর ধরন, দোকানের সাইনবোর্ড, রাস্তার চিহ্ন, গাছপালা, পাহাড়, সমুদ্রসৈকত ও পরিচিত স্থাপনা বিশ্লেষণ করে এআই সম্ভাব্য অবস্থান নির্ধারণ করতে পারে। এমনকি কোনও ছবিতে বিখ্যাত স্থাপনা না থাকলেও আশপাশের পরিবেশ, স্থাপত্যশৈলী কিংবা স্থানীয় অবকাঠামোগত বা সামাজিক বৈশিষ্ট্য থেকে দেশ বা শহর সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। অর্থাৎ ছবির সঙ্গে অবস্থান যুক্ত না থাকলেও সেটির দৃশ্যমান তথ্য থেকেই তা শনাক্ত হতে পারে।
এআইয়ের এমন সক্ষমতা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশকারীদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এ প্রযুক্তির অপব্যবহার করে প্রতারকেরা আরও বিশ্বাসযোগ্য ফিশিং বার্তা তৈরি করতে পারছে। উদাহরণস্বরূপ, কেউ ছুটিতে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের ছবি প্রকাশ করলে প্রতারক সেই তথ্য কাজে লাগিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের নামে ভুয়া সতর্কবার্তা পাঠাতে পারে। বার্তায় ভ্রমণের স্থান বা সাম্প্রতিক কার্যক্রমের উল্লেখ থাকলে সেটিকে সত্যি বলে মনে হওয়ার আশঙ্কা বাড়ে। এভাবে সাধারণ ছবি ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা আর্থিক প্রতারণার কৌশলে ব্যবহৃত হতে পারে।
ঝুঁকি কমাতে ভ্রমণকালীন ছবি প্রকাশ না করে বাড়ি ফেরার পর সেগুলো পোস্ট করা যেতে পারে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের দর্শক সীমিত রাখা এবং ছবি প্রকাশের আগে তাতে বাসা, কর্মস্থল বা নিয়মিত যাতায়াতের স্থান শনাক্ত করার মতো কোনও তথ্য রয়েছে কিনা, তা পরীক্ষা করা জরুরি। ছবির মেটাডেটা সরিয়ে ফেললে অবস্থান শনাক্তের কিছু তথ্য মুছে যেতে পারে। তবে ছবিতে থাকা দৃশ্যমান সূত্র বিশ্লেষণ করেও এআই ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করতে পারে। তাই গোপনীয়তা রক্ষায় শুধু লোকেশন ট্যাগ বন্ধ রাখা বা মেটাডেটা মুছে ফেলার ওপর নির্ভর না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি।