এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে আর্থিক কৌশল নিয়ে মতবিরোধে জড়িয়েছিলেন প্রতিষ্ঠানটির নতুন ভারপ্রাপ্ত সিইও কোলেট ক্রেস। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিভিন্ন কোম্পানিকে অর্থায়নের ক্ষেত্রে হুয়াংয়ের নেওয়া বড় অঙ্কের আর্থিক ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার হুয়াংয়ের বিদায়ের পর এনভিডিয়ার নেতৃত্বে এসে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই অভিজ্ঞ অর্থ কর্মকর্তা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনভিডিয়ার ভারপ্রাপ্ত সিইও হিসেবে নিয়োগ পান ক্রেস। এর আগে হুয়াংয়ের বিরুদ্ধে একাধিক পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠে। এর মধ্যে একজন চীনা গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন সদস্য এবং অন্যজন এনভিডিয়ার এক কর্মী বলে জানা গেছে। এসব অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর হুয়াংয়ের পদত্যাগের খবর সামনে আসে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, হুয়াং একবার একটি উপস্থাপনার সময় কোলেট ক্রেসকে থামিয়ে দিয়েছিলেন এবং তার সঙ্গে ‘হেডলাইটের সামনে পড়া হরিণের’ বা ‘হতভম্ব হরিণের’ সাথে তুলনা করেছিলেন। তিনি তাকে একজন ‘রিপোর্টিং সিএফও’ বলেও অভিহিত করেছিলেন, যার অর্থ দাঁড়ায়- কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার চেয়ে আর্থিক ফলাফল উপস্থাপনেই তিনি বেশি পারদর্শী।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা কোম্পানিগুলোকে অর্থায়নে এনভিডিয়ার ক্রমবর্ধমান সম্পৃক্ততা নিয়ে এই দ্বন্দ্ব মূলত বৃদ্ধি পায়। হুয়াং চাইতেন গ্রাহকদের ডেটা সেন্টার তৈরি এবং এনভিডিয়ার চিপ কেনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে সহায়তা করতে। তবে কোম্পানি যে আর্থিক ঝুঁকির মুখে পড়ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রেস।
রয়টার্স জানিয়েছে, ওহাইওতে ওপেনএআই-এর একটি ডেটা-সেন্টার প্রকল্প সম্পর্কিত একটি প্রস্তাব নিয়ে এমনটি ঘটেছিল। এনভিডিয়া প্রাথমিকভাবে ওপেনএআইকে ওই সুবিধার জন্য ঋণ পেতে সহায়তার উদ্দেশ্যে ২৫ হাজার কোটি ডলারের আর্থিক ব্যাকস্টপ দেওয়ার কথা বিবেচনা করেছিল। তবে এই আলোচনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের মতে, পরবর্তীতে ক্রেস সেই প্রস্তাবিত প্রাথমিক প্রতিশ্রুতি কমিয়ে ১২ হাজার কোটি ডলারে নামিয়ে আনেন। তিনি আরও প্রশ্ন তুলেছিলেন, কোম্পানি কীভাবে গ্যারান্টিগুলোর মূল্যায়ন করবে এবং রিটার্ন পরিমাপ করবে। বোর্ড এবং জ্যেষ্ঠ নির্বাহীরা বিষয়গুলো আরও গভীরভাবে খতিয়ে দেখতে শুরু করায় কিছু অর্থায়ন উদ্যোগ শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
সূত্র: উইয়ন নিউজ