হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ সহজ করতে নতুন এআই সেবা চালু করেছে গুগল। ‘জেমিনাই ফর হেলথকেয়ার’ নামের এই সেবার মাধ্যমে রোগীর চিকিৎসার নথি পর্যালোচনা, বিমার তথ্য যাচাই, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের প্রস্তুতি এবং বিভিন্ন দাপ্তরিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবেন স্বাস্থ্যকর্মীরা। রোগ নির্ণয় বা চিকিৎসকের বিকল্প হিসেবে নয়, চিকিৎসাসংশ্লিষ্ট তথ্য ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজের চাপ কমাতেই নতুন এআই সেবাটি তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
গুগল ক্লাউডের তৈরি এই সেবা মূলত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিভিন্ন ডিজিটাল ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে কাজ করবে। বর্তমানে হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসার হিস্ট্রি, বিভিন্ন স্বাস্থ্য-পরীক্ষার ফলাফল, বিমার তথ্য, বিলিং ও চিকিৎসাসংক্রান্ত নির্দেশিকা আলাদা আলাদা সিস্টেমে সংরক্ষিত থাকে। ফলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই করতে চিকিৎসক ও প্রশাসনিক কর্মীদের অনেক সময় ব্যয় করতে হয়। নতুন এআই সেবাটি বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সমন্বিতভাবে উপস্থাপন করবে এবং সেগুলোর ভিত্তিতে পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেবে।
জেমিনাই ফর হেলথকেয়ারের মাধ্যমে রোগীর আগের চিকিৎসার নথি সংক্ষেপে পর্যালোচনা, অ্যাপয়েন্টমেন্টের আগে প্রয়োজনীয় তথ্য প্রস্তুত এবং বিমা সুবিধা ও চিকিৎসার খরচসংক্রান্ত তথ্য যাচাই করা যাবে। পাশাপাশি রোগীর চিকিৎসার জন্য বিমা প্রতিষ্ঠানের পূর্বানুমোদন প্রয়োজন হলে সংশ্লিষ্ট নথি প্রস্তুত ও আবেদন প্রক্রিয়ায় সহায়তা করতে পারবে এআই। এসব কাজ একাধিক ধাপে সম্পন্ন করার জন্য সেবাটিতে বিশেষায়িত এআই নির্দেশনা বা ‘স্কিল’ যুক্ত করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন স্কিলও তৈরি করতে পারবে।
রোগীর তথ্য ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির ভাষ্য, সেবাটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য তথ্য সুরক্ষা আইন ‘হিপা’ (এইচআইপিএএ) মেনে কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে। রোগীর চিকিৎসার নথি ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রিত পরিবেশেই সংরক্ষিত থাকবে। এসব তথ্য ব্যবহার করে গুগলের এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া হবে না। এ ছাড়া এআইয়ের তৈরি প্রতিটি রেসপন্সের সঙ্গে তথ্যের উৎস উল্লেখ থাকবে, যাতে স্বাস্থ্যকর্মীরা সহজেই সেগুলোর সত্যতা যাচাই করতে পারেন। তবে চিকিৎসাসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর না করে স্বাস্থ্যকর্মীদেরই মুখ্য ভূমিকা পালণ করতে হবে।
প্রাথমিকভাবে পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্রে সেবাটি চালু করেছে গুগল। ব্লু ক্রস ব্লু শিল্ড অব ম্যাসাচুসেটস, হার্টফোর্ড হেলথকেয়ার, এইচসিএ হেলথকেয়ার, নর্থওয়েল হেলথ ও স্ট্যানফোর্ড স্কুল অব মেডিসিনসহ কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এই সেবাটি প্রাথমিক পর্যায়ে ব্যবহারের সুযোগ পাচ্ছেন। তবে, জেমিনাইয়ের বিনামূল্যের সংস্করণে নতুন এই সেবাটি ব্যবহার করা যাবেনা। শুধুমাত্র জেমিনাই এন্টারপ্রাইজের স্ট্যান্ডার্ড ও প্লাস সংস্করণের গ্রাহকেরা সেবাটি ব্যবহারের সুযোগ পাবেন।
স্ত্রীকে খুন করে মেয়েকে বললেন, ‘নতুন মা এনে দেব’
মিস ইউনিভার্সের নতুন মুকুট উন্মোচন, হীরার সংখ্যা কত?