অনলাইনে কোনও পণ্য কেনা কিংবা সেবা নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচিতি, পণ্যের দাম ও গ্রাহকসেবা সম্পর্কে জানতে ক্রেতারা সাধারণত গুগল বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসন্ধান করেন। তবে এখন থেকে চ্যাটজিপিটিতেই এসব তথ্য খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন প্রোফাইল তৈরির সুবিধা চালু করেছে ওপেনএআই। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের পরিচয় যাচাই করে পণ্য, সেবা, দাম ও মজুতের তথ্য যুক্ত করতে পারবে। পাশাপাশি সম্ভাব্য ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে নিজস্ব এআই এজেন্টও তৈরি করতে পারবে তারা।
১০ নভেম্বর পরীক্ষামূলকভাবে ‘বিজনেসেস ইন চ্যাটজিপিটি’ নামের নতুন সুবিধাটি চালু করেছে ওপেনএআই। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোর জন্য ‘বিজনেস হাব’ নামে একটি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নির্ধারিত শর্ত ও যোগ্যতা পূরণকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চ্যাটজিপিটিতে নিজেদের প্রোফাইলের মালিকানা দাবি করে তা যাচাই করার সুযোগ পাবে। পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হলে প্রতিষ্ঠানের নাম, ওয়েবসাইট, পণ্য ও সেবার বিবরণসহ প্রয়োজনীয় তথ্য যুক্ত বা হালনাগাদ করা যাবে। পাশাপাশি পণ্যের দাম ও মজুতের তথ্যও যুক্ত করার সুযোগ রয়েছে। ফলে ব্যবহারকারীরা চ্যাটজিপিটিতে কোনো পণ্য বা সেবা সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানগুলোর দেওয়া হালনাগাদ তথ্য সরাসরি পাওয়ার সুযোগ তৈরি হবে।
নতুন সুবিধার আরেকটি আকর্ষণ হলো ‘বিজনেস এজেন্ট’। এর মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবা সম্পর্কে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিশেষায়িত এআই এজেন্ট তৈরি করতে পারবে। যেমন, কোনও ক্রেতা দুটি পণ্যের মধ্যে পার্থক্য জানতে চাইলে কিংবা নির্দিষ্ট কোনও পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এজেন্ট তথ্য দিয়ে সহায়তা করতে পারবে। এসব এজেন্টের চ্যাট চ্যাটজিপিটির সাধারণ চ্যাটগুলো থেকে আলাদা থাকবে এবং সেগুলো যে ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, তা স্পষ্টভাবে উল্লেখ করা হবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের যোগ্য ই-কমার্স ও অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এই সুবিধা ব্যবহারের সুযোগ পাবে।
বিজনেস হাবের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো চ্যাটজিপিটিতে নিজেদের ব্যবসার কার্যক্রম সম্পর্কেও ধারণা পাবে। কোন প্রতিষ্ঠান কতবার চ্যাটজিপিটির উত্তরে উল্লেখিত হয়েছে, কতজন ব্যবহারকারী তাদের ওয়েবসাইটে প্রবেশ করেছেন এবং কোন ধরনের অনুসন্ধানের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিষ্ঠানটির তথ্য পেয়েছেন, এসব বিষয়ে সমন্বিত পরিসংখ্যান দেখা যাবে। তবে ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট বা বিজনেস এজেন্টের সঙ্গে হওয়া কথোপকথন প্রতিষ্ঠানগুলোর কাছে প্রকাশ করা হবে না বলে জানিয়েছে ওপেনএআই।
নতুন এই উদ্যোগের মাধ্যমে চ্যাটজিপিটিকে শুধু তথ্য খোঁজা বা প্রশ্নের উত্তর পাওয়ার মাধ্যম হিসেবে নয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্ভাব্য ক্রেতাদের যোগাযোগের একটি প্ল্যাটফর্ম হিসেবেও গড়ে তুলতে চাইছে ওপেনএআই। পর্যায়ক্রমে আরও বেশি দেশ ও বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য সুবিধাটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।