ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই স্মার্টফোনে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো বা ৮৮ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।
শনিবার (১৬ নভেম্বর) ইতালির তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা গারান্তে জানায়, অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ফেসবুক অ্যাপটি ‘ইতালীয় ব্যবহারকারীদের স্মার্টফোনে সংরক্ষিত ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট মেটাডেটায় সুনির্দিষ্ট সম্মতি ছাড়া এবং তাদের না জানিয়েই প্রবেশ করেছে’।‘গেট সাজেশনস ফ্রম গ্যালারি হোয়েন ব্রাউজিং ফেসবুক’ নামের একটি ফিচারকে কেন্দ্র করে এই অভিযোগ উঠেছে। ফেসবুক ব্রাউজ করার সময় পোস্ট করার জন্য ফোনের গ্যালারি থেকে ছবি ও ভিডিওর পরামর্শ দেয় এই ফিচারটি।
গারান্তে বলেছে, এই ফিচারটি ইউরোপীয় ইউনিয়নের ই-প্রাইভেসি নির্দেশনা বাস্তবায়নে ইতালির প্রণীত আইন লঙ্ঘন করেছে। সংস্থাটির মতে, ব্যবহারকারীদের সম্মতি নেওয়ার ক্ষেত্রে মেটার প্রক্রিয়া অত্যন্ত সাধারণ ও অস্পষ্ট। ফলে সম্মতি দেওয়ার মাধ্যমে তারা ঠিক কী ধরনের অনুমতি দিচ্ছেন, তা পুরোপুরি বোঝার সুযোগ পান না। এ ছাড়া ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু ছিল।
ইতালির নিয়ন্ত্রক সংস্থার ইতিহাসে ৮০৫ মিলিয়ন ইউরোর এই জরিমানা এখন পর্যন্ত সবচেয়ে বড়। এই জরিমানার পরিমাণ মেটার বৈশ্বিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪৭ শতাংশ।
গারান্তে জানিয়েছে, সম্মতি চাওয়ার অস্পষ্ট বিজ্ঞপ্তি সংশোধন এবং ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকার ব্যবস্থা বন্ধ করতে হবে মেটাকে। সংস্থাটির ধারণা, ইতালিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই সমস্যার শিকার হয়ে থাকতে পারেন।
এ বিষয়ে মেটা এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি। ইতালির নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে প্রতিষ্ঠানটির।
মাইক্রোসফটের সেবা বিপর্যয়, দুঃখ প্রকাশ করে যা জানাল প্রতিষ্ঠানটি