২২ ঘণ্টা আগে যেখান থেকে যাত্রা শুরু করেছিল, ঠিক সেখানেই ফিরে এসেছে স্পেসএক্সের মহাকাশযান স্টারশিপ। শনিবার পৃথিবীতে ফেরার পথে বিশাল যান্ত্রিক হাত বা মেকানিক্যাল আর্মস দিয়ে শূন্যেই মহাকাশযানটিকে সফলভাবে লুফে নেওয়া হয়েছে।
ইলন মাস্ক ও তার দল যে মহাকাব্যিক সমাপ্তির আশা করেছিলেন, এটি ছিল ঠিক তেমনই এক অর্জন- মহাকাশ থেকে ফিরে আসা কোনও মহাকাশযানকে এই প্রথম এভাবে শূন্যে ধরা হলো। তবে শুক্রবার টেক্সাস থেকে উৎক্ষেপণের কিছুক্ষণ পরই রকেটের প্রথম ধাপের বুস্টারটি বিস্ফোরিত হওয়ায় একই সঙ্গে দুটি অংশ লুফে নেওয়া বা ডাবল ক্যাচের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি। চাঁদ ও মঙ্গল গ্রহে যাত্রা ত্বরান্বিত করতে এখনও এই ডাবল ক্যাচই স্পেসএক্সের মূল লক্ষ্য।
মেক্সিকো উপসাগরে বয়া দিয়ে ঘেরা অংশে বুস্টারের ধ্বংসাবশেষ পড়ে থাকার মধ্যেই স্টেইনলেস স্টিলের তৈরি বুলেট আকৃতির স্টারশিপ মহাকাশযানটি লঞ্চ প্যাডে সোজা হয়ে নেমে আসে।
সায়েন্স ফিকশন সিনেমার মতো এই নাটকীয় সফলতা বুস্টার হারানোর ব্যর্থতাকে অনেকটাই ম্লান করে দিয়েছে। লঞ্চ টাওয়ারের যান্ত্রিক হাতের ওপর ভর করে মহাকাশযানটি যখন মাটি থেকে অনেক ওপরে ঝুলে ছিল, তখন ক্যামেরায় সেটির ওপর থেকে নিচ পর্যন্ত দৃশ্য দেখানো হয়।
স্পেসএক্সের ধারাভাষ্যকার ড্যান হুওট চিৎকার করে বলেন, ‘আপনারা কি বিশ্বাস করতে পারছেন? ওকে দেখুন! সে ফিরে এসেছে!’
দিনটিকে ‘মহাকাব্যিক দিন’ হিসেবে অভিহিত করে ইলন মাস্ক পরে লঞ্চ টাওয়ারে উঠে নিজের ফোন দিয়ে মহাকাশযানটির কাছ থেকে ভিডিও ধারণ করেন। এমনকি তিনি মহাকাশযানটিকে জড়িয়েও ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘দারুণ দেখাচ্ছে’।
স্পেসএক্সের কর্মকর্তারা জানান, শনিবারের এই সফলতা স্টারশিপের পূর্ণ পুনর্ব্যবহারযোগ্যতার সক্ষমতা প্রমাণ করেছে, যা দ্রুত ও কম খরচে মহাকাশযান পুনরায় ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার বুস্টার পুনরুদ্ধার ব্যর্থ হলেও প্রতিষ্ঠানটি এর আগে তিনবার সফলভাবে বুস্টার লুফে নিয়েছিল, যা এই প্রযুক্তির কার্যকারিতাকে আগেই প্রমাণ করেছে।
শনিবারের এই সাফল্যকে স্বাগত জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চলতি দশকের শেষের দিকে ‘আর্টেমিস’ মিশনের নভোচারীদের চাঁদে অবতরণ করাতে এবং সেখানে একটি স্থায়ী ঘাঁটি নির্মাণে সহায়তার জন্য স্টারশিপকে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে সংস্থাটি। তবে মাস্কের উচ্চাকাঙ্ক্ষা আরও বড়; তিনি মঙ্গল গ্রহে একটি শহর গড়ে তুলতে স্টারশিপের এক বিশাল বহর পাঠাতে চান!
সূত্র: এপি
বিনা অনুমতিতে ছবির ব্যবহার, মেটাকে বড় অঙ্কের জরিমানা ইতালির
যেই নারীকে ‘হতভম্ব হরিণ’ বলেছিলেন হুয়াং, তার হাতেই এখন এনভিডিয়া