জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা জানিয়ে দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রাম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উগ্রবাদ ও মৌলবাদ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জর্ডানের পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট এক বিবৃতিতে বলেছে, বিদ্যমান আইন অনুযায়ী সমাজকে বিভিন্ন হুমকি থেকে সুরক্ষিত রাখাই তাদের এ উদ্যোগের লক্ষ্য। এসব হুমকির মধ্যে রয়েছে ‘উগ্রবাদ ও মৌলবাদ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা’, যা সামাজিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য হুমকি।
গত মাসে দেশটিতে একটি বিরল প্রাণঘাতী গির্জায় হামলার ঘটনার পর এ সিদ্ধান্ত এলো। ওই হামলায় ৯ জন নিহত হন। এর জেরে প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা চালায় জর্ডান। দেশটির দাবি, ওই হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ২০ সদস্য নিহত হয়েছেন। এর আগে ৫ নভেম্বর জর্ডান জানায়, আম্মানে সন্ত্রাসী ছুরিকাঘাতের ঘটনায় দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
রাশিয়া থেকে নির্বাসিত পাভেল দুরভের তৈরি বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রাম দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। বিভিন্ন সময়ে এই অ্যাপের মাধ্যমে সংগঠনটি বিবৃতি প্রকাশ করেছে।