আগামী ১৪ ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের অতিরিক্ত প্রোফাইল বা অ্যাডিশনাল প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তবে এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের মূল প্রোফাইল বা সাইন-আপ করার সময় তৈরি করা প্রথম প্রোফাইলটি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না।
ফেসবুকের হেল্প সেন্টারের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়সীমার আগে ব্যবহারকারীরা তাদের অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড বা এক্সপোর্ট করতে পারবেন। তবে ১৪ ডিসেম্বর পার হয়ে গেলে ওই প্রোফাইলগুলোর পাশাপাশি সেগুলোর সঙ্গে যুক্ত সব তথ্য স্থায়ীভাবে মুছে যাবে।
অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
যেসব ব্যবহারকারী তাদের অতিরিক্ত প্রোফাইলের তথ্য রাখতে চান, তারা ফেসবুকের সেটিংসের মাধ্যমে তথ্য এক্সপোর্টের অনুরোধ করতে পারবেন। এ জন্য প্রথমে যে অতিরিক্ত প্রোফাইলটির ব্যাকআপ নিতে চান সেটিতে সুইচ করতে হবে। এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’-এ গিয়ে ‘ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস’ অপশনের অধীনে থাকা ‘এক্সপোর্ট ইয়োর ইনফরমেশন’ নির্বাচন করতে হবে।
সেখান থেকে ‘ক্রিয়েট এক্সপোর্ট’ বেছে নিয়ে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করতে হবে এবং তথ্যগুলো নিজের ডিভাইসে নাকি কোনও এক্সটার্নাল সার্ভিসে সংরক্ষণ করবেন তা ঠিক করতে হবে। এক্সপোর্ট নিশ্চিত করার আগে ব্যবহারকারীরা কোন কোন তথ্য রাখতে চান, তাও নির্দিষ্ট করে দিতে পারবেন।
তথ্য প্রস্তুত করতে কিছুটা সময় লাগতে পারে বিধায় ১৪ ডিসেম্বরের আগেই অনুরোধ জানানোর পরামর্শ দিয়েছে ফেসবুক। যাদের একাধিক অতিরিক্ত প্রোফাইল রয়েছে, তাদের প্রতিটি প্রোফাইলের জন্য আলাদাভাবে এক্সপোর্টের অনুরোধ করতে হবে। তবে বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্যসহ অতিরিক্ত প্রোফাইল থেকে সংগৃহীত কিছু নির্দিষ্ট তথ্য কেবল মূল প্রোফাইল থেকে তথ্য এক্সপোর্ট করার মাধ্যমেই পাওয়া যাবে।
গ্রুপ অ্যাডমিনের দায়িত্ব হস্তান্তর
যারা কোনও ফেসবুক গ্রুপ পরিচালনার জন্য অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করেন, তাদেরও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফেসবুক জানিয়েছে, ১৪ ডিসেম্বরের আগেই মূল প্রোফাইলকে সংশ্লিষ্ট গ্রুপের অ্যাডমিন হিসেবে যুক্ত করতে হবে। তা না হলে নতুন অ্যাডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত গ্রুপটির কার্যক্রম স্থগিত হয়ে যাবে।
এ ছাড়া ব্যবহারকারীরা তাদের অতিরিক্ত প্রোফাইলের কিছু সংযোগ বা কানেকশন মূল প্রোফাইলে স্থানান্তর করতে পারবেন। ‘রিভিউ কানেকশনস’ অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা মূল প্রোফাইল ব্যবহার করে কোন বন্ধু, গ্রুপ বা পেজের সঙ্গে যুক্ত হতে বা ফলো করতে চান তা বেছে নিতে পারবেন। যদি এই অপশনটি পাওয়া না যায়, তবে ব্যবহারকারীরা মূল প্রোফাইল থেকে ম্যানুয়ালি ওই অ্যাকাউন্ট ও কমিউনিটিগুলোর সঙ্গে পুনরায় যুক্ত হতে পারবেন।
উল্লেখ্য ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর ফেসবুক ‘অ্যাডিশনাল প্রোফাইল’ ফিচারটি চালু করেছিল। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্টের অধীনে সর্বোচ্চ চারটি অতিরিক্ত প্রোফাইল তৈরি করতে পারতেন, যার প্রতিটির আলাদা নাম, ফিড, ফ্রেন্ডলিস্ট এবং পছন্দের বিষয় থাকত।
সূত্র: লওইয়াট.নেট
গোপনে ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে অ্যাপ? জেনে নিন বন্ধের উপায়
ব্যাংকের কার্ড থাকবে চ্যাটজিপিটির হাতে! এবার আপনার হয়ে কেনাকাটা করবে এআই