ইলেকট্রিক চিরুনিতে চুল গজানোর দাবি বিজ্ঞানীদের

চুল পড়া ও টাকের সমস্যা কমাতে নতুন ধরনের ইলেকট্রিক চিরুনি তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাদের দাবি, বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে চুলের গোড়ায় দ্রুত নতুন চুল গজাতে সাহায্য করতে পারে এই চিরুনি। পরীক্ষায় প্রচলিত চিকিৎসার তুলনায় উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। তবে প্রযুক্তিটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি চিরুনিটির নাম ‘ডিট্যাঙ্গল’। গবেষকদের দাবি, এটি পুরুষদের বংশগত টাক বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া চিকিৎসায় কার্যকর হতে পারে। তবে এখন পর্যন্ত প্রযুক্তিটি শুধু ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে।

চিরুনিটি নিয়ে গবেষণা চলতি মাসে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার কমিউনিকেশনস-এ প্রকাশিত হয়েছে। গবেষণার শিরোনাম ‘কম্বিং-ট্রিগারড ইলেকট্রোস্টিমুলেশন সিনক্রোনাইজিং ডিপ ডেলিভারি ফর র‍্যাপিড হেয়ার রিগ্রোথ ইন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া’।

গবেষণায় দেখা গেছে, ডিট্যাঙ্গল চিরুনি প্রচলিত চুল পড়ার চিকিৎসায় ব্যবহৃত মিনোক্সিডিলের চেয়ে ভালো ফল দিয়েছে। ইঁদুরের ওপর পরীক্ষায় এক মাসের মধ্যে চুল পুনরুদ্ধারের কার্যকারিতা প্রায় ৭০ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে বলে গবেষকেরা জানিয়েছেন।

যেভাবে কাজ করে চিরুনিটি

ডিট্যাঙ্গল চিরুনির দাঁতে বিশেষ ধরনের ইলেকট্রোড ও ওষুধ বহনকারী অণু যুক্ত করা হয়েছে। দাঁতগুলোর উচ্চতায় পার্থক্য রাখা হয়েছে, যাতে চুলের গোড়ার নির্দিষ্ট অঞ্চলে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করা যায়। এই বৈদ্যুতিক উদ্দীপনা চুলের ফলিকলে ওষুধ পৌঁছানোর প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সাহায্য করে। গবেষকদের মতে, এ পদ্ধতিতে চুলের গোড়ায় উদ্দীপনা ও ওষুধ সরবরাহ একসঙ্গে কাজ করে দ্রুত চুল গজানোর পরিবেশ তৈরি করতে পারে।

চুল পড়ার প্রচলিত চিকিৎসায় সীমাবদ্ধতা

পুরুষদের বংশগত টাক একটি সাধারণ সমস্যা। জীবদ্দশায় প্রায় ৮০ শতাংশ পুরুষ এ সমস্যায় আক্রান্ত হতে পারেন। চুল পড়ার কারণে মানসিক চাপ ও জীবনযাত্রার মানেও প্রভাব পড়তে পারে। তবে চিকিৎসার সুযোগ এখনও তুলনামূলক সীমিত।

মিনোক্সিডিল চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করতে পারে। তবে ব্যক্তিভেদে এর কার্যকারিতা ভিন্ন হয়। ফল পেতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে এবং উপকার ধরে রাখতে নিয়মিত ব্যবহার চালিয়ে যেতে হয়। এ ছাড়া মাথার ত্বকে জ্বালাপোড়া এবং মাথাব্যথার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

আরেকটি প্রচলিত ওষুধ ফিনাস্টেরাইড, যা প্রোপেশিয়া নামে বাজারজাত করা হয়। টাকের প্রাথমিক পর্যায়ে এটি কার্যকর হলেও এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যৌন অক্ষমতা ও বিষণ্নতা।

চুল প্রতিস্থাপন বা হেয়ার ট্রান্সপ্ল্যান্টও বর্তমানে জনপ্রিয়। এ পদ্ধতিতে মাথার যেসব অংশে চুল পড়ার প্রবণতা কম, সেখান থেকে চুলের ফলিকল নিয়ে টাক পড়া অঞ্চলে প্রতিস্থাপন করা হয়। কার্যকর হলেও এটি ব্যয়বহুল, কষ্টদায়ক ও অস্ত্রোপচারনির্ভর চিকিৎসা।

মানুষের ওপর পরীক্ষা এখনও বাকি

গবেষকদের দাবি, ইঁদুরের ওপর পরীক্ষায় পাওয়া ফল মানুষের চিকিৎসায় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে ডিট্যাঙ্গল চিরুনি মানুষের ক্ষেত্রে কার্যকর হবে এমন কোনও প্রমাণ এখনও নেই। ইঁদুরের ওপর পরীক্ষা চিকিৎসার সম্ভাব্য কার্যকারিতা মূল্যায়নের প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত হতে পারে। মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আগে আরও পরীক্ষা প্রয়োজন। এসব পরীক্ষার মাধ্যমে প্রযুক্তিটির নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করা হবে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট