জন্মদিনের শুভেচ্ছা জানাতে মাঝরাত পর্যন্ত জেগে থাকা কিংবা নির্দিষ্ট সময়ে কাউকে কোনও তথ্য পাঠানোর কথা মনে রাখার ঝামেলা এড়াতে অবশেষে মেসেজ শিডিউলিংয়ের সুবিধা আনলো হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জার বা জিমেইলের মতো হোয়াটসঅ্যাপেও এখন থেকে বার্তা লিখে আগেই পাঠানোর সময় নির্ধারণ করে রাখা যাবে। ফলে নির্দিষ্ট তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পৌঁছে যাবে প্রাপকের কাছে। ব্যক্তিগত কথোপকথনের পাশাপাশি গ্রুপ চ্যাটেও ব্যবহার করা যাবে সুবিধাটি।
শিডিউলড মেসেজেস নামের এ সুবিধ গত ২৫ নভেম্বর থেকে বিশ্বব্যাপী চালু করতে শুরু করেছে মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপটি। ব্যবহারকারীরা কোনও বার্তা লেখার পর অন্তত ১০ মিনিট থেকে সর্বোচ্চ ১৪ দিন পর সেটি পাঠানোর সময় নির্ধারণ করতে পারবেন। তবে সুবিধাটি পর্যায়ক্রমে চালু হচ্ছে। ফলে সবার অ্যাকাউন্টে একসঙ্গে এটি দেখা নাও যেতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছে সুবিধাটি পৌঁছানোর কথা জানিয়েছে কতৃপক্ষ।
বার্তা শিডিউল করতে প্রথমে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের চ্যাট খুলে বার্তা লিখতে হবে। এরপর সাধারণভাবে সেন্ড বাটনে চাপ না দিয়ে সেটি কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। তখন নির্দিষ্ট তারিখ ও সময় বেছে নেওয়ার অপশন আসবে। পছন্দের সময় নির্ধারণ করে নিশ্চিত করলেই বার্তাটি নির্ধারিত সময়ে পাঠানোর জন্য জমা থাকবে। এ পদ্ধতিতে শুধু লেখা নয়, ছবি ও ভিডিও পাঠানোর সময়ও আগেই ঠিক করে রাখা যাবে।
শিডিউল করা বার্তাগুলো পাঠানোর আগেই পর্যালোচনা করার সুযোগ থাকবে। বার্তায় কোনও ভুল থাকলে বা পরে পরিকল্পনা পরিবর্তন হলে, পাঠানোর আগেই নির্ধারিত বার্তাটি মুছে ফেলার সুযোগ থাকবে। তবে হোয়াটসঅ্যাপের নতুন সুবিধাটিতে বার্তা সম্পাদনার সুযোগের কথা জানানো হয়নি। প্রাপকের কাছে শিডিউল করা বার্তাটি সাধারণ বার্তার মতোই পৌঁছাবে। অর্থাৎ, বার্তাটি আগে থেকে শিডিউল করে পাঠানো হয়েছে, তা আলাদা করে বোঝার কোনও উপায় থাকবে না।
এ সুবিধার আরেকটি দিক হলো, নির্ধারিত সময়ে বার্তা পাঠাতে ব্যবহারকারীর ফোন চালু থাকা বা ইন্টারনেট সংযোগ সচল রাখার প্রয়োজন হবে না। ফোন বন্ধ থাকলেও কিংবা ব্যাটারি শেষ হয়ে গেলেও নির্ধারিত সময়ে বার্তাটি পৌঁছে যাবে। সুবিধাটি চালু হওয়ায়, দেশ বিদেশে ভিন্ন সময় অঞ্চলে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বার্তা পাঠানোর উপযুক্ত সময় নিয়েও আর ভাবতে হবে না। এতে নির্ধারিত সময়ে বার্তা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাওয়ায় ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আরও সহজ হবে। ব্যক্তিগত বার্তার মতো শিডিউল করা বার্তাও এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধায় সুরক্ষিত থাকবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বার্তার বিষয়বস্তু পড়তে পারবেন না।