দেশের তথ্যপ্রযুক্তি খাতে অনলাইন উপস্থিতি আরও সহজ ও গতিশীল করতে নতুন সেবা চালু করেছে শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। এখন থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অনুমোদিত রিসেলার হিসেবে প্রতিষ্ঠানটি দেশের কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন ‘ডট বিডি’ এবং ‘ডট বাংলা’ ডোমেইনের নিবন্ধন, নবায়ন ও ব্যবস্থাপনা সেবা প্রদান করবে। এ উদ্যোগের মাধ্যমে ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের জন্য দেশীয় ডোমেইন নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আম্বার আইটির মাধ্যমে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের ক্ষেত্রে গ্রাহকরা দ্রুত অ্যাক্টিভিশন সুবিধা পাবেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও তুলনামূলক সহজ করা হয়েছে। মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ব্যাংকের মাধ্যমে অনলাইনে টাকা পরিশোধের সুবিধা থাকায় যেকোনও জায়গা থেকে সহজে আবেদন করা যাবে।
এছাড়া ডোমেইনের সঙ্গে বিনামূল্যে ডিএনএস হোস্টিং ও ব্যবস্থাপনা সুবিধা পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার্থে ডোমেইন নবায়ন, মেয়াদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিয়মিত এসএমএস ও ই-মেইল নোটিফিকেশন পাঠানো হবে। ডোমেইন ব্যবস্থাপনার জন্য থাকছে ব্যবহারবান্ধব গ্রাহক প্যানেল, যার মাধ্যমে গ্রাহকরা নিজেরাই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন।
আম্বার আইটি জানিয়েছে, নিরাপদ, নির্ভরযোগ্য ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে দেশীয় ডোমেইনের ব্যবহার আরও বিস্তৃত করাই তাদের লক্ষ্য। যারা নিজেদের ব্যবসা, প্রতিষ্ঠান, ব্র্যান্ড বা ব্যক্তিগত পরিচয়ের জন্য একটি দেশীয় ও বিশ্বাসযোগ্য অনলাইন ঠিকানা খুঁজছেন, তাদের জন্য ডট বিডি এবং ডট বাংলা ডোমেইন হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।
ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন এবং বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা যোগাযোগ করতে পারে domain.amberit.com.bd এই ঠিকানায়।